পেগিডা নেতার বিচার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানিতে বর্ণবাদী ঘৃণা উসকে দেওয়ার অভিযোগে ইসলাম ও অভিবাসনবিরোধী সংগঠন পেগিডার নেতা লুতজ বাখমানের বিচার শুরু হয়েছে। ২০১৪ সালে ফেসবুকে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকা থেকে আসা শরণার্থীদের ‘গরু-ছাগল’ এবং ‘আবর্জনা’ বলে বর্ণনা করার জন্য তিনি গতকাল মঙ্গলবার অভিযুক্ত হয়েছেন। আদালত বলেছেন, ওই মন্তব্যে আশ্রয়প্রার্থীদের মর্যাদার ওপর আঘাত করা হয়েছে। সরকারি কৌঁসুলি লরেন্স হাসে বলছেন, অভিযোগ প্রমাণিত হলে বাখমানের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে বিতর্কিত পেগিডা আন্দোলনের প্রতিষ্ঠাতা ৪৩ বছর বয়সী বাখমান অভিযোগ অস্বীকার করে বলেছেন, এর সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০১৪ সালে জন্মের পর থেকেই সংগঠনটি জার্মানির বিভিন্ন শহরে ইসলাম ও শরণার্থীবিরোধী সভা-সমাবেশের আয়োজন করেছে।