পোপ জন পলের গোপন চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পোপ দ্বিতীয় জন পলের সঙ্গে এক বিবাহিত নারীর ৩০ বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ সম্পর্কের প্রমাণ হিসেবে কয়েক শ চিঠি এবং ছবির সন্ধান পেয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জন পল চিঠিগুলো লিখেছিলেন পোলিশ বংশোদ্ভূত মার্কিন দার্শনিক আনা-তেরেসা তিমিনিয়েৎসকাকে। এসব চিঠি পোল্যান্ডের ন্যাশনাল লাইব্রেরিতে দীর্ঘদিন ধরে রাখা ছিল। চিঠিগুলো প্রয়াত এই পোপের জীবনের এক ভিন্ন দিকের সন্ধান দিল। পোপ জন পল মারা যান ২০০৫ সালে। এসব চিঠি এবং ছবিতে অবশ্য এমন কোনো ইঙ্গিত নেই যে এই ক্যাথলিক ধর্মগুরু তাঁর কৌমার্যের প্রথাগত অঙ্গীকার ভঙ্গ করেছিলেন।
পোপের সঙ্গে তিমিনিয়েৎসকার সম্পর্কের সূচনা ১৯৭৩ সালে। ওই সময় তিমিনিয়েৎসকা দর্শনশাস্ত্র নিয়ে একটি বই লেখার জন্য তখন ভবিষ্যৎ ক্রাকোর আর্চবিশপ কার্ডিনাল প্যারল বৈতেওয়া (পরে জন পল নাম গ্রহণ করেন) সঙ্গে যোগাযোগ করেন। এরপর ৫০ বছর ধরে তিমিনিয়েৎসকা তাঁর কাজের জন্য যুক্তরাষ্ট্র থেকে বহুবার পোল্যান্ড গেছেন। যোগাযোগের পরপরই জন পল ও ওই নারী চিঠি আদান-প্রদান শুরু করেন। প্রথম দিকে চিঠিগুলো ছিল খুবই দাপ্তরিক ধরনের। কিন্তু ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব নিবিড় হয়। তাঁরা ঘনিষ্ঠ হন। দুজনে তখন পোপের বই দ্য অ্যাকটিং পারসন-এর একটি বর্ধিত সংস্করণের কাজ করতে সম্মত হন। দুজন বহুবার দেখা করেন। কোনো কোনো সময় তাঁদের সেক্রেটারি কাছে থাকত। কখনো দুজনই শুধু থাকতেন। ১৯৭৪ সালে জন পল একটি চিঠিতে লিখেছেন যে তিমিনিয়েৎসকার এক মাসে লেখা চারটি চিঠি পড়েছেন। কেননা সেগুলো ছিল ‘খুবই তাৎপর্যবাহী এবং ব্যক্তিগত’।
ছবিতে দেখা যায়, জন পল এবং তিমিনিয়েৎসকা বেড়াতে বেরিয়েছেন। ছুটিতে স্কেটিং করছেন। দল ধরেও তাঁরা ঘুরতে বেরিয়েছেন—এমন ছবিও আছে। আবার তিমিনিয়েৎসকার ভ্যাটিকান ভ্রমণের ছবিও আছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অব ক্রিশ্চিয়ানিটি বিভাগের অধ্যাপক ইমন ডাফি উদ্ধার হওয়া চিঠি ও ছবি প্রসঙ্গে বলেন, বিশ শতকের একটি বিরাট চরিত্র ক্যাথলিক চার্চের প্রধানের এক আকর্ষণীয় নারীর সঙ্গে নিবিড় সম্পর্কের নমুনা এসব।
কার্ডিনাল বৈতেওয়া ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে ক্যাথলিক সম্মেলনে যোগ দেন। তখন তিমিনিয়েৎসকা তাঁকে নিউ ইংল্যান্ডে তাঁর পরিবারের সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। ১৯৭৬ সালের সেপ্টেম্বরে লেখা এক চিঠিতে পোপ তিমিনিয়েৎসকাকে ‘ঈশ্বরের আর্শীবাদ’ বলে উল্লেখ করেছেন।