প্যারিস চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থান বদলাতে পারে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্যারিস জলবায়ু চুক্তির ব্যাপারে তিনি তাঁর বর্তমান অবস্থান থেকে সরে এলেও আসতে পারেন। ফ্রান্স সফরে গিয়ে প্যারিসে গতকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক শেষে তিনি এ ইঙ্গিত দেন।
বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্যারিস জলবায়ু চুক্তির প্রেক্ষাপটে কিছু একটা পরিবর্তন আসতে পারে। দেখা যাক, কী ঘটে।’
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে স্বাক্ষরিত ওই চুক্তি থেকে নিজের দেশকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার ছয় সপ্তাহ পর ট্রাম্প উল্টো পথ ধরার ইঙ্গিত দিলেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি ‘সম্মান’ করেন। মাখোঁ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে আমি সম্মান করি। এর ফলে তিনি তাঁর নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় চিন্তা ও কাজে নেতৃত্ব দিতে পারবেন। তবে আমি প্যারিস চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আছি।’
যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অর্থ হলো, গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে।