জলবায়ু বাস্তুচ্যুতদের বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ
প্যারিস চুক্তি বাস্তবায়নের রূপরেখার আলোচনা শুরু
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কী করবেন, প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে তাঁর সিদ্ধান্ত কী হবে, তা জানতে আরও প্রায় দুই মাস অপেক্ষা করতে হবে। কিন্তু এ সময়ে তো আর কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তন থেমে থাকবে না। তাই মরক্কোর মারাক্কেশে চলমান জলবায়ু সম্মেলনে আলোচনাও থেমে নেই।
জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন ট্রাম্প-আতঙ্ক কাটিয়ে যেন আড়মোড়া ভেঙে উঠে দাঁড়িয়েছে। সম্মেলন শুরু হওয়ার আগে বিশ্বের ৮৫টি রাষ্ট্র প্যারিস চুক্তি অনুমোদন করেছিল। গতকাল শুক্রবার এই সংখ্যা বেড়ে ১০৫টি হয়েছে। স্বতঃপ্রণোদিতভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলার অঙ্গীকারনামা (এনডিসি) প্রতিবেদন জমা দিয়েছে ৯৫টি রাষ্ট্র। প্যারিস চুক্তি বাস্তবায়নের রূপরেখা নিয়ে সম্মেলনে আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ ইতিমধ্যে দুটি সভায় নিজের এনডিসি বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেছে। ৫০০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ এবং ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল দুটি সভায় এসব তথ্য তুলে ধরেন।
গতকাল বাংলাদেশ সময় রাত ১২টায় শেষ হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার বাস্তুচ্যুত মানুষের অধিকারবিষয়ক সভা। সেখানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের ঝুঁকির বিষয়টি তুলে ধরেন। আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইড ও বাংলাদেশি সংস্থা কোস্ট ট্রাস্ট যৌথভাবে ওই সভার আয়োজন করে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুতদের বিষয়ে গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশের উপকূলে প্রায় চার কোটি মানুষ বসবাস করে—এই তথ্য তুলে ধরে পরিবেশসচিব কামালউদ্দিন বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলের ১০০ কিলোমিটার পর্যন্ত লবণাক্ত পানি ঢুকে পড়ছে। ফলে উর্বর কৃষিজমিতে বালুর স্তর পড়ছে। ফসল ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ নিজের সম্পদ দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলে বাংলাদেশের নিজস্ব সম্পদ দিয়ে এই পরিস্থিতি বেশি দূর সামলানো যাবে না। এ জন্য কার্বন নিঃসরণকারী শিল্পোন্নত দেশগুলোকে সহায়তা দিতে হবে।
সভায় জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান সঞ্জয় ভাসিস্ত পুরো দক্ষিণ এশিয়ার জলবায়ু বাস্তুচ্যুতদের পরিস্থিতি তুলে ধরে বলেন, এই অঞ্চলে চার ধরনের জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। প্রথমত, কিছু মানুষ নিজের ঘরবাড়ি থেকে সরে একই এলাকার অন্যত্র চলে যাচ্ছে। দ্বিতীয়ত, উপকূল বা গ্রাম থেকে সরে গিয়ে শহরে হাজির হচ্ছে। তৃতীয়ত, সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে চলে যাচ্ছে। চতুর্থত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার দেশগুলোতে অভিবাসী ও প্রবাসী শ্রমিক হিসেবে অনেকে চলে যাচ্ছে।
অ্যাকশনএইডের জলবায়ু পরিবর্তন বিভাগের বিশ্বপ্রধান হারজিৎ সিং বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতির সঙ্গে যখন স্থানীয় জনগোষ্ঠী এলাকায় আর টিকতে পারে না, স্থানীয়ভাবে বেঁচে থাকার আর কোনো উপায় দেখে না, তখনই সে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। এসব মানুষকে তার নিজের বসতি এলাকায় টিকে থাকার সুযোগ তৈরি করার জন্য আমাদের কাজ করতে হবে।’
সভার সঞ্চালক কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘জলবায়ু বাস্তুচ্যুতদের অধিকারের বিষয়টি প্যারিস চুক্তির মূল নথিতে ঠাঁই পায়নি। ফলে তাদের অধিকারের বিষয়টি এখনো জলবায়ু সমঝোতার মূল আলোচনায় উপেক্ষিত থাকছে। ফলে আমাদের প্যারিস চুক্তির মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতদের অধিকারের বিষয়টি নিয়ে সোচ্চার হতে হবে।’
গতকাল মরক্কোর স্থানীয় সময় সকাল নয়টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ইকাড) যৌথভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি বিষয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞ ও ইকাডের নির্বাহী পরিচালক সালিমুল হক বলেন, এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনা অনেক বেশি বৈজ্ঞানিক তথ্য-উপাত্তনির্ভর। বেশির ভাগ দেশে পরিবেশ অধিদপ্তর ও আবহাওয়া বিভাগ জলবায়ু বিষয়টি নিয়ে কাজ করে। এই দুই সংস্থারই বাজেট ও সরকারের আর্থিক ব্যবস্থাপনা এবং নীতি প্রণয়নে ভূমিকা কম। ফলে সরকারপ্রধান ও অর্থ মন্ত্রণালয় সক্রিয় হলে জলবায়ু বিষয়ে সরকারের তৎপরতা বাড়ে।
ইউএনডিপির জলবায়ু বিশেষজ্ঞ রোহিনী কোহলির সঞ্চালনায় এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন শ্রীলঙ্কার জলবায়ু বিশেষজ্ঞ বোদ্ধি মারাম্বি।