প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন যুক্তরাষ্ট্র ও চীনের
ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্পাদিত বৈশ্বিক জলবায়ু চুক্তিতে অনুসমর্থন দিয়েছে বিশ্বের ৪০ শতাংশ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণকারী দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্র। চীনের শহর হাংচৌতে এক অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের হাতে অনুসমর্থনের দলিল তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী দুই দেশের এই চুক্তিতে অনুসমর্থনকে পরিবেশ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
হাংচৌ শহরেই আজ রোববার শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। এর আগে যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে সমর্থন দিল।
বিশ্বের ১৮০টি দেশের সমর্থনে করা প্যারিস জলবায়ু চুক্তির মূল লক্ষ্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা দেওয়া। গত বছরের ডিসেম্বরে ঐতিহাসিক এই চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির গড় হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে বা সম্ভব হলে দেড় ডিগ্রির মধ্যে রাখতে বিশ্বের দেশগুলো একমত হয়।
প্যারিস চুক্তি হচ্ছে বিশ্বের জলবায়ু পরিবর্তন-বিষয়ক প্রথম সমন্বিত চুক্তি। তবে এটি তখনই কার্যকর হবে, যখন মোট কার্বন নিঃসরণের ৫৫ শতাংশের জন্য দায়ী ৫৫টি দেশ চুক্তিকে অনুসমর্থন করবে। গতকাল পর্যন্ত ২৪টি দেশ এ চুক্তি অনুসমর্থন করল। এর মধ্যে ছোট ছোট দ্বীপদেশের পাশাপাশি শিল্পোন্নত দেশ ফ্রান্সও আছে। কার্বন নিঃসরণে ওই দ্বীপদেশগুলোর অবদান সামান্য হলেও তারা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।
যুক্তরাষ্ট্র ও চীনের অনুসমর্থনের দলিল হস্তান্তর অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আশা করছি, এ বছরের শেষ দিক থেকেই প্যারিস চুক্তি কার্যকর হবে।’ মহাসচিব বলেন, অন্যান্য দেশকে এ চুক্তিতে সম্মত করার বিষয়ে এ মাসের শেষ দিকে নিউইয়র্কে এক বিশেষ বৈঠক হবে। বৃহৎ দুই দেশের এই চুক্তিতে অনুস্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
গতকাল বান কি মুনের হাতে অনুসমর্থনের দলিল তুলে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এই গ্রহকে রক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত এই চুক্তি। ইতিহাস সাক্ষ্য দেবে, এই চুক্তি একটি মোড় পরিবর্তনকারী ঘটনা ঘটিয়েছে।
গতকালই চীনের পার্লামেন্টে প্যারিস চুক্তি অনুসমর্থনের প্রস্তাব গৃহীত হয়। অনুসমর্থনের পর শি জিনপিং বলেন, ‘চীন এই চুক্তির বাস্তবায়নে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অনুসমর্থনের পর অন্যরাও এতে উৎসাহিত হবে বলে আশা করছি।’
বৈশ্বিক উষ্ণায়ন এবং এর ফলে সংঘটিত জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত আবহমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের গ্যাসের পুঞ্জীভূত হওয়াকে দায়ী করা হয়। উঠতি শিল্পোন্নত রাষ্ট্র চীন বিশ্বের এক-চতুর্থাংশ কার্বন নিঃসরণকারী। আর দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ কার্বন নিঃসরণ করে। তাই প্যারিস চুক্তিতে এই দুই দেশের অনুসমর্থন খুবই তাৎপর্যবহ।
দক্ষিণ চীন সাগর, সাইবার অপরাধ বা বাণিজ্য-সংক্রান্ত নানা বিরোধের পরও বিশ্বের দুই শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র ও চীন যে দু-একটি বিষয়ে একমত হয়েছে, এর মধ্যে জলবায়ু পরিবর্তন একটি।
প্যারিস চুক্তির শর্ত অনুযায়ী চীন ২০৩০ সালের মধ্যে ২০০৫ সালের তুলনায় দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রতি এককে ৬০ থেকে ৬৫ শতাংশ কার্বন নিঃসরণ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া তারা অজীবাশ্ম উৎস থেকে ২০ শতাংশ জ্বালানি ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে।
আর এ চুক্তিতে যুক্তরাষ্ট্র ২০২৫ সালের মধ্যে ২০০৫ সালের চেয়ে ২৬ থেকে ২৮ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে।
প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্র-চীনের অনুসমর্থনকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা। পরিবেশবাদী সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) বলেছে, দুই অর্থনৈতিক পরাশক্তির এই সমর্থন জানান দিচ্ছে, জলবায়ু পরিবর্তনের বিষয়ে এবার সত্যিকার অর্থে বৈশ্বিক তৎপরতা শুরু হবে। তবে পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস বলেছে, প্যারিস চুক্তিতে চীন-যুক্তরাষ্ট্রসহ অন্য কার্বন নিঃসরণকারী দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রির মধ্যে রাখার জন্য যথেষ্ট নয়। সংগঠনটির উপদেষ্টা লি শুয়ো বলেন, চুক্তিতে অনুসমর্থনকে তাই একটি যাত্রা শুরু বলা যেতে পারে। জলবায়ু পরিবর্তন রোধে এটি চূড়ান্ত কোনো পদক্ষেপ নয়।