প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন পাওয়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা–সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর করার ক্ষেত্রে বড় অগ্রগতি হলো। বুধবার ইইউ এ সমর্থন ঘোষণা করায় বিশ্বের মোট ৫৬ দশমিক ৭৫ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর অনুমোদন পেল। চুক্তিটি বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ৫৫ শতাংশ নিঃসরণকারীর সমর্থন।
বিশ্বের অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনাকে ‘পৃথিবীকে বাঁচানোর পথে এক ঐতিহাসিক দিন’ বলে আখ্যায়িত করেছেন। নিজ দেশের বিরোধীদের মোকাবিলা করে ওবামা প্রশাসন এ চুক্তির পক্ষে জোরালো অবস্থান নিয়েছিল।
প্রয়োজনীয় সমর্থন পেয়ে যাওয়ায় প্যারিস জলবায়ু চুক্তির কার্যকারিতা এখন থেকে এক মাস সময়ের মধ্যে, ৪ নভেম্বর শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার দিন আগে তা হবে। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর বিরুদ্ধবাদী এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন জোরালোভাবে এর পক্ষে।
দুই শীর্ষ নিঃসরণকারী চীন ও যুক্তরাষ্ট্র গত মাসে যৌথভাবে এক অনুষ্ঠানে এর পক্ষে সমর্থন দেয়।
জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও মাল্টা বুধবার আনুষ্ঠানিকভাবে এতে সমর্থন দেয়। এ ইইউ দেশগুলো মিলে প্রায় ৪ শতাংশ নিঃসরণের জন্য দায়ী। তারা ইতিমধ্যেই নিজ নিজ দেশে চুক্তিটি অনুসমর্থন করেছিল।
জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী বুধবার পর্যন্ত ১৯৫টি দেশের মধ্যে ৭২টি দেশ চুক্তিটি অনুমোদন করেছে।
কার্বন ডাই–অক্সাইডসহ কয়েকটি গ্যাস একত্রে গ্রিনহাউস গ্যাস হিসেবে পরিচিত। মূলত শিল্পায়ন বেড়ে চলায় আবহাওয়ামণ্ডলে এগুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীর তাপমাত্রা বাড়ছে।