এ বছরের ডিসেম্বর মাসে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে আট দফা কর্মপরিকল্পনা গ্রহণের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রুখতে প্যারিসই শেষ সুযোগ। খবর বিবিসির।
জলবায়ু বিজ্ঞানীদের আন্তর্জাতিক জোট আর্থ লাইফের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে এনে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে এসব পরিকল্পনার বাস্তবায়ন জরুরি।
বিবৃতিতে যে আটটি কর্মপরিকল্পনার প্রস্তাব দেওয়া হয় এর প্রথমটি হলো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা। অন্য প্রস্তাবগুলো হচ্ছে, ভবিষ্যতে কার্বন নিঃসরণের মাত্রা ১০০০ গিগা টনের কম রাখা, ২০৫০ সালের মধ্যে কার্বন শূন্য সমাজ গড়া, গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর সহযোগিতা, কারিগরি গবেষণা ও উদ্ভাবন, জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভাব্য ক্ষতি নিরূপণ, বনভূমি ও সমুদ্র রক্ষা, উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশি অর্থায়ন।