
প্যারিসে চলতি মাসের শেষেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন। ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এবং সম্ভাব্য আরও হামলার শঙ্কা উপেক্ষা করে এ উপলক্ষে সমবেত হচ্ছেন বিশ্বনেতারা। বিশ্বব্যাপী ইতিমধ্যে ঘটে যাওয়া জলবায়ুর বিরাট পরিবর্তন এবং এর বিরূপ প্রভাবের পটভূমিতে এই সম্মেলনকে পুরো মানব সভ্যতারই ভবিষ্যৎ-নির্ধারণী হিসেবে গণ্য করা হচ্ছে।
আসন্ন জলবায়ু সম্মেলনের সঙ্গে প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো এখন বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো হলো—বিশ্ব জলবায়ুর পরিবর্তনের গতি পাল্টে দিয়ে আমরা কি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে সক্ষম হব? না কি আমরা জলবায়ু পরিবর্তনের সেই বিপজ্জনক মাত্রাকে অতিক্রম করে যাব? কিংবা এমনটি হলে পৃথিবীটাই কি মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে? ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত জলবায়ু শীর্ষ সম্মেলনের ফলাফলেই বেরিয়ে আসবে এসব প্রশ্নের উত্তর।
ইতিপূর্বে ২০০৯ সালে তিক্ত মতবিরোধের মধ্য দিয়ে শেষ হয় ডেনমার্কের বিশৃঙ্খল জলবায়ু শীর্ষ সম্মেলন। তখন থেকে এ পর্যন্ত বিশ্ব জলবায়ু পুনরুদ্ধারে সত্যিকার অর্থে সর্বজনীন একটি চুক্তিতে পৌঁছানোর প্রথম উদ্যোগ এবারের এই সম্মেলন।
ডেনমার্ক সম্মেলন থেকে এ পর্যন্ত অনেক কিছুতেই এসেছে পরিবর্তন। যেমন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে এই গ্রহে আমরা যেসব ভয়াবহ সংকটের মুখোমুখি সে সম্পর্কে বিস্তর প্রমাণ সংগৃহীত হয়েছে, কম কার্বন নিঃসরণকারী আধুনিক প্রযুক্তি সস্তা এবং আরও বেশি সহজলভ্য হয়েছে। সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে ইতিবাচক এক ভবিষ্যৎ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক, বাণিজ্যিক ও সর্বসাধারণের চাপ নতুন গতি পেয়েছে।
অন্যদিকে একই সময়ে জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগও সংকুচিত হয়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা যাতে শিল্প বিপ্লবপূর্ব মাত্রা থেকে দুই ডিগ্রির মধ্যে থাকে সেটাই সবার লক্ষ্য। সম্প্রতি যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর বলেছে, পৃথিবীর গড় তাপমাত্রা এরই মধ্যে এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি গত বছর এক নতুন রেকর্ড স্থাপন করেছে। মূলত কার্বন ডাই-অক্সাইডের মতো ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসই আবহাওয়ামণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এর ফলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বাড়ছে খরা-ঝড়-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও নোবেলজয়ী পরিবেশকর্মী অ্যাল গোর সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, জলবায়ু-সংশ্লিষ্ট চরমভাবাপন্ন আবহাওয়ার ঘটনাগুলো নাটকীয়ভাবে বেড়ে গেছে। তিনি বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় এখন আমরা জোয়ারের সময় অনেক নগরের রাস্তাঘাট তলিয়ে যাওয়ার দৃশ্য দেখছি। নানা কারণেই শরণার্থী সংকটের উদ্ভব ঘটছে। তবে সিরিয়ার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত খরাই শরণার্থী সংকট সৃষ্টির অন্যতম কারণ।’
অ্যাল গোর বলেন, ‘আমাদের উচিত জলবায়ু পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং এতে বিঘ্ন ঘটানো বন্ধ করা।’
আসন্ন প্যারিস সম্মেলনে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার বিষয়টি আগের চেয়ে আরও বেশি স্পষ্ট মনোযোগ পেতে পারে। কিন্তু, যে রাজনৈতিক মতভিন্নতা ২০০৯ সালে কোপেনহেগেনে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিল তা এখনো রয়ে গেছে। জলবায়ু সংলাপে উন্নয়নশীল ও ধনাঢ্য দেশগুলো এখনো মুখোমুখি অবস্থানে। গত দুই দশক ধরে এদের মধ্যে চলা মূল বিতর্কটির অবসান এখনো হয়নি—কার কর্তব্য কী আর অর্থকড়িটাই বা কে দেবে?