প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গি হামলায় জড়িত প্রধান সন্দেহভাজন মোহাম্মদ আবরিনিকে বেলজিয়ামে আটক করা হয়েছে। বেলজিয়ামের স্থানীয় গণমাধ্যম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের। 

মোহাম্মদ আবরিনিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের অ্যান্ডারলেক্ট এলাকা থেকে আটক করা হয়। ২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দরে বিস্ফোরণের কিছুক্ষণ আগে বহির্গমনে সিসি টিভি ফুটেজে তাঁকে দেখা গিয়েছিল। ওই বিমানবন্দরে মাথায় হ্যাট পরা অবস্থায় হাঁটছিলেন আবরিনি। 
প্যারিসে গত বছরের ১৩ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হয় ১৩০ জন। এর আগে প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আবদেসালামকে বেলজিয়াম থেকেই গ্রেপ্তার করা হয়।
এদিকে ২২ মার্চ ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর ও ম্যালবিক মেট্রো স্টেশনে (পাতালরেল) ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এক ঘণ্টার ব্যবধানে ঘটা ওই জোড়া হামলায় অন্তত ৩২ জন নিহত হয়। ওই হামলা চালানোর কিছুক্ষণ আগেই বিমানবন্দরের বহির্গমনে সিসিটিভির ভিডিওফুটেজে আবরিনিকে দেখা যায়। 
বেলজিয়ামের আরেকটি গণমাধ্যম বলছে, মোহাম্মদ আবরিনির সঙ্গে ম্যালবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় আরেক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি কেউ।
বেলজিয়াম কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার একটি ভিডিওচিত্র প্রকাশ করে। ওই ভিডিওচিত্রে মাথায় হ্যাট পরা অবস্থায় আবরিনিকে দেখা গেছে। ভিডিওচিত্রটি প্রকাশ করে আবরিনির খোঁজ দিতে জনসাধারণের সহায়তাও চায় কর্তৃপক্ষ। 
৩১ বছর বয়সী আবরিনি মরক্কোর বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক। এর আগে তাঁকে প্যারিস হামলার ঘটনায় মূল সন্দেহভাজন সালেহ আবদেসালামের সঙ্গে দেখা গেছে।