প্যারিসগামী দুই ফ্লাইটে বোমার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা হামলার হুমকির কারণে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের দুটি ফ্লাইটের গতিপথ পাল্টে দেওয়া হয়। তবে বিমান দুটির সাত শতাধিক আরোহী নিরাপদ রয়েছেন। খবর এএফপি ও রয়টার্সের।
গত শুক্রবারের সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহতের জেরে চলমান উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই প্যারিসগামী দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকির খবর এল।
এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যাত্রা করা ফ্লাইট ৬৫ ও ওয়াশিংটন থেকে যাত্রা করা ফ্লাইট ৫৫ উড্ডয়নের পর ফোনে আলাদাভাবে বোমা হামলার হুমকি পায়। পরে ওয়াশিংটনের ডালেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা হওয়া ২৬২ আরোহীবাহী ফ্লাইটটিকে গতকাল বুধবার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় কানাডার হ্যালিফাক্স শহরে অবতরণ করানো হয়। আর যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের সল্টলেক শহরে অবতরণ করানো হয় ৪৯৭ আরোহীবাহী লস অ্যাঞ্জেলেস থেকে যাত্রা করা ফ্লাইটটির।
এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ জানায় বিমান, এর যাত্রী ও মালপত্র এরই মধ্যে তল্লাশি করা হয়েছে। আর হুমকি দেওয়া টেলিফোন কলের সূত্র শনাক্ত করতে অনুসন্ধান চালানো হচ্ছে। বিমানের ভেতরে হুমকির বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।