প্যারিসে অ্যাপার্টমেন্টে আগুন, দুই শিশুসহ ৮ জনের মৃত্যু
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর অংশে গতকাল বুধবার ভোরে আগুন লেগে দুই শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। আগুন কীভাবে লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে কর্মকর্তাদের ধারণা, এটি নাশকতার ঘটনা। খবর এএফপি ও বিবিসির।
দমকল বাহিনীর প্রায় ১০০ জন কর্মী আগুন নেভানোর কাজে যোগ দেন। ফ্রান্সে ২০০৫ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়ের-অঁরি ব্রঁদে বলেন, ‘একই রাতে যখন দুবার দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, ধরে নেওয়া যায়, এটা নাশকতামূলক কাজ।’
স্থানীয় সময় মঙ্গলবার রাত দুইটা ২০ মিনিটে আগুন নেভানোর জন্য দমকল বাহিনীকে ডাকা হয়। আগুন নিভিয়ে ফিরে আসার দুই ঘণ্টা পর দমকল বাহিনীকে আবার খবর দেওয়া হয়। দ্বিতীয় দফায় আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। প্রথমে নিচতলায় আগুন লাগে এবং দেয়াল ধরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, নিহত আটজনের মধ্যে দুজন জানালা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করেছিল।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বেদনাদায়ক এ ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।