প্যারিসে আইএস নাম নিয়ে শিক্ষকের ওপর হামলা
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে গতকাল সোমবার একজন শিক্ষককে ধারালো বস্তু দিয়ে হামলা করেছে ইসলামিক স্টেটের (আইএস) নাম উল্লেখ করা এক ব্যক্তি। পুলিশ ও কৌসুলির কার্যালয়ের সূত্র এ কথা জানায়। খবর এএফপির।
হামলার শিকার শিক্ষক প্যারিসের উত্তর-পূর্বে অবস্থিত অবেরভিলিয়ের জঁ্য–পেরাঁ স্কুলে কাজ করেন। শ্রেণীকক্ষে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় এক ব্যক্তি তাঁর ওপর প্যাকেট কাটার উপযোগী ছুরি ও কাচি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। লোকটি শিক্ষকের শরীরের এক পাশে এবং গলায় আঘাত করেন। তবে তাঁর আঘাত তেমন গুরুতর নয়। হামলাকারী ব্যক্তির পরনে রঙমিস্ত্রি বা চিত্রশিল্পীদের ব্যবহৃত ওভারঅল এবং শুধু চোখ দেখা যায় এমন মুখোশ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রেণিকক্ষে পড়ে থাকা ধারালো অস্ত্রটি দিয়ে শিক্ষককে আঘাত করে ওই ব্যক্তি। তিনি সে সময় চিৎকার করে বলেন, ‘এটা দায়েশের কাজ। এটা একটা হুঁশিয়ারি।’ উল্লেখ্য ‘দায়েশ’ আরবি ভাষায় আইএসের আরেক সংক্ষিপ্ত নাম। হামলার পরপরই লোকটি পালিয়ে যান।
আইএস-এর ফরাসী ভাষায় প্রকাশিত একটি পত্রিকার নভেম্বর মাসের সংখ্যায় ফ্রান্সের শিক্ষকদের হত্যা করতে অনুসারীদের প্রতি আহ্বান জানায়। ওই আহ্বানে বলা হয়, ধর্মনিরপেক্ষতার শিক্ষা দেওয়ার মাধ্যমে তাঁরা মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত।
প্যারিসে গত ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে ফ্রান্সে উচ্চ সতর্কতা জারি রয়েছে। ওই ঘটনার পর স্কুলগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়।
অবেরভিলিয়ের জনসংখ্যা ৭৬ হাজার। এর মধ্যে বড়সংখ্যক অভিবাসী রয়েছে। তাদের বেশির ভাগই উত্তর আফ্রিকার।