প্যারিসে আতঙ্কে মুসলিমরা
প্যারিসে গত শুক্রবার সন্ত্রাসী হামলার পর এ শহরের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর জন্য সহায়তার দুয়ার খুলে দিয়েছেন। কেউ হাসপাতালগুলোতে রক্ত দিতে ছুটছেন। কেউ ক্ষতিগ্রস্তদের প্রস্তাব দিচ্ছেন আশ্রয়দানের। কেউবা শহরজুড়ে শোকগ্রস্ত ব্যক্তিদের তালিকায় নাম লেখাচ্ছেন নিজেদের।
এ সবকিছুর সঙ্গেই প্যারিসের মুসলিমরাও নিজেদের শরিক করেছেন। কিন্তু তাঁরা আছেন বাড়তি এক আতঙ্কে। এ আতঙ্ক, উগ্রপন্থীদের কাছ থেকে হামলার শিকারের। তাঁরা মনে করছেন, উগ্রপন্থীরা ওই হামলার দায় তাঁদের ওপর চাপাতে পারে। এর ধারাবাহিকতায় চালাতে পারে প্রতিশোধমূলক আক্রমণ।
তরুণ মুসলিমদের এক দল গত শনিবার হাজির হন একজন তিউনিসীয় পরিচালিত একটি ক্যাফেতে। সেখানে তাঁরা নিহত ব্যক্তিদের জন্য যেমন শোক জানান, তেমন জানান হামলার জন্য তাঁদের কমিউনিটিকে দোষারোপ করার আশঙ্কার কথাও। কবির বুচুচা এই তরুণদেরই একজন। বলছিলেন, ‘আমার দুশ্চিন্তা, কিছু ফরাসি ভাববেন, মুসলিমরাই এটা করেছে এবং তাঁরা সবাই সন্ত্রাসী। এমনিতেই এ দেশের মানুষ আমাদের খারাপ চোখে দেখে। এখানে আগে থেকেই বর্ণবাদ রয়েছে এবং এখন এটা আরও খারাপ হবে।’