
প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে গতকাল সোমবার বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মস্কো এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। খবর এএফপির।
দুই নেতা চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার বৈঠক করলেন। আগের বৈঠকটি হয়েছিল তুরস্কে জি-২০ সম্মেলনের সময়। সিরিয়া ও ইউক্রেন সংকটের কারণে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা থাকায় ওবামা-পুতিন বৈঠকের বাড়তি গুরুত্ব রয়েছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গতকাল বৈঠক করতে রাজি হননি রুশ প্রেসিডেন্ট পুতিন। প্যারিস সম্মেলনের এক ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন এরদোয়ান। তবে সেটা প্রত্যাখ্যান করেন পুতিন।
গত মঙ্গলবার তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ বিমান ভূপাতিত করা এবং এক পাইলটের নিহত হওয়ার ঘটনায় তিনি এরদোয়ানকে তিরস্কার করছেন বলে জানিয়েছে মস্কো। আর তুর্কি কর্তৃপক্ষ বলেছে, তারা ওই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইবে না। রাশিয়া ওই ঘটনার পর তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। বিষয়টি নিয়ে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কথার লড়াই চলছে।
নিহত পাইলটের লাশ স্বদেশে: ভূপাতিত বিমানের নিহত পাইলট ওলেগ পেশকভের লাশ গতকাল রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। আঙ্কারার একটি বিমানবন্দরে সামরিক মর্যাদায় তাঁর কফিন রাশিয়ায় পাঠানো হয়।
ক্ষমা চাইবে না তুরস্ক: তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু গতকাল সোমবার বলেছেন, সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য তুরস্ক ক্ষমা চাইবে না। তবে সংকট নিরসনের জন্য তাঁরা মস্কোকে ‘প্রতিশোধমূলক’ অবরোধ আরোপের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।
ব্রাসেলসে ন্যাটোর প্রধান জেনস স্টোলেনবার্গের সঙ্গে আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে আহমেদ দাভুতোগলু বলেন, ‘আমাদের আকাশ ও সীমান্তের নিরাপত্তা দেওয়া আমাদের সরকারের কেবল অধিকারই নয়, দায়িত্বও। এই দায়িত্ব পালনের জন্য তুরস্কের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন না।’
মোদি-ওবামা বৈঠক: প্যারিস সম্মেলনের ফাঁকে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। পরে ওবামা সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তন যে জরুরি হুমকি সে বিষয়ে তাঁরা দুজন একমত হয়েছেন। মোদি তাঁকে বলেছেন, ভারতে উন্নয়ন ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি হাত ধরাধরি করে এগোবে।