প্যারিসে জলবায়ু সম্মেলন চলাকালে ১১ হাজার পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন চলাকালে পুলিশের প্রায় ১১ হাজার সদস্য মোতায়েন করা হবে। আজ বুধবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বেরনার্দ ক্যাজনিউভ এ তথ্য জানান। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার সপ্তাহ দুয়েক পর ৩০ নভেম্বর এ সম্মেলন শুরু হতে যাচ্ছে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

বেরনার্দ ক্যাজনিউভ বলেন, সীমান্ত প্রহরায় আট হাজার পুলিশ মোতায়েন করা হবে। প্যারিসের উত্তরাঞ্চলে অবস্থিত ওই সম্মেলনকেন্দ্রকে ঘিরে মোতায়েন করা হবে পুলিশের ২ হাজার ৮০০ সদস্য।

মন্ত্রী বলেন, ১৩ নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে এখন পর্যন্ত ফ্রান্সজুড়ে ১ লাখ ২০ হাজার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্য নিয়মিত টহলে রয়েছেন। ওই হামলার পর দেশটিতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জাতিসংঘের এ সম্মেলনে বিশ্বের প্রায় ১৪৭ জন নেতার উপস্থিত থাকার কথা। আগামী রোববার ও সোমবার রাজধানীর বড় সড়কগুলো বন্ধ করে দেওয়া হবে এবং গণপরিবহনে বিনা ভাড়ায় যাতায়াত করা যাবে।

একই সঙ্গে দেশটিতে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে পরিবেশবাদী সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী রোববার ও ১২ ডিসেম্বর এ বিক্ষোভ হওয়ার কথা ছিল। আর এ নিষেধাজ্ঞা মেনে নেওয়ায় তাদের স্বাগত জানিয়েছেন বেরনাদ। তিনি বলেন, সংগঠনগুলা ‘অসাধারণ দায়িত্বজ্ঞান’ দেখিয়েছে।