প্যারিসে না গিয়ে সমালোচনার মুখে ওবামা
ফ্রান্সের রাজধানী প্যারিসের সংহতি সমাবেশে যোগ না দিয়ে নিজ দেশে গণমাধ্যমের সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। প্যারিসে গত সপ্তাহে পরপর কয়েকটি সন্ত্রাসী হামলার পর গত রোববার সেখানে সংহতি সমাবেশ হয়। খবর এএফপির।
প্যারিসের সমাবেশে যোগ দেন প্রায় ৫০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। এ ছাড়া এতে অংশ নেন প্রায় ১৬ লাখ মানুষ। ফ্রান্সে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেন হার্টলি ওই সমাবেশে দেশের প্রতিনিধিত্ব করেন।
ওবামা প্যারিসে না যাওয়ার সমালোচনা করে নিউইয়র্ক ডেইলি নিউজ-এর খবরের শিরোনাম ছিল, ‘আপনি বিশ্বকে হতাশ করেছেন।’
সিএনএনের সাংবাদিক জেক ট্যাপার সমাবেশ থেকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমি বলতে পারি, সমাবেশে আমাদের আরও ভালো প্রতিনিধিত্ব হতে পারত।’
মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার ওই সমাবেশের সময় প্যারিসেই ছিলেন, তবে তিনি সমাবেশে যোগ দেননি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাষ্ট্রীয় সফরে ভারতে ছিলেন।
প্যারিসে না যাওয়া নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে কেরি ভারতের গণমাধ্যমকে বলেন, ‘এটা উটকো তর্ক তৈরি করার চেষ্টা।’
রাজনৈতিক সাময়িকী পলিটিকো ওবামার প্যারিসে না যাওয়ার সমালোচনা করে শিরোনাম করেছে, ‘বারাক ওবামার প্যারিস অনীহা।’