ফ্রান্সের প্যারিসে রম্য সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন দুই ভাই নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। পুলিশের ধাওয়ায় ওই দুই ভাই উত্তরাঞ্চলীয় দামার্তাঁ-অঁ-গুল শহরের একটি প্রিন্টিং ব্যবসার দোকানে ঢুকে আশ্রয় নিলে তাঁদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর সেখানে অভিযানে তাঁরা দুজন নিহত হন।
পৃথক ঘটনায় গতকাল শুক্রবার প্যারিসের একটি সুপার মার্কেটে কয়েকজনকে জিম্মি করে এক বন্দুকধারী। এরপর সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে ওই বন্দুকধারী নিহত হন। এ ঘটনায় চার জিম্মি নিহত হন বলে জানায় পুলিশ।
প্যারিসে গত বৃহস্পতিবার যে বন্দুকধারী গুলি করে এক নারী পুলিশ সদস্যকে হত্যা ও আরেকজনকে আহত করেছিলেন, গতকালের এই বন্দুকধারী সেই একই ব্যক্তি বলে মনে করা হচ্ছে। খবর এএফপি ও বিবিসির।
ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে বিশ্বব্যাপী সমালোচিত হওয়া শার্লি এবদোর কার্যালয়ে গত বুধবারের জঙ্গি হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, দুই পুলিশ সদস্য ও অন্য দুজন। এ ছাড়া আহত হন আরও ১০ জন। ফ্রান্সের মাটিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই হামলার পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে নামে।
সন্দেহভাজন তিন হামলাকারীর মধ্যে হামিদ মুরাদ (১৮) নামের একজন বৃহস্পতিবার আত্মসমর্পণ করলেও অপর দুজন সাইদ কোশি (৩৪) ও তাঁর ভাই শরিফ কোশি (৩২) এবং হামিদ মুরাদ (১৮) একটি গাড়ি ছিনতাই করে দেশের উত্তরাঞ্চলের দিকে পালিয়ে যান।
পুলিশ জানায়, দুই ভাই সাইদ কোশি ও শরিফ কোশি গতকাল সকালে মঁতানি-সাঁত-ফেলিসিত শহর থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে দামার্তাঁ-অঁ-গুল শহরের দিকে চলে যান। ছিনতাই হওয়া গাড়িটির মালিক গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে দুই ভাইকে শনাক্ত করেন। এরপর ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করা হয়। নিরাপত্তাকর্মীরা দুজনের পিছু নেওয়ার পর সড়কেই উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে শহরের একটি প্রিন্টিং ব্যবসার দোকানে ঢুকে পড়েন তাঁরা। তখন সেটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং সন্ধ্যা নামার পর ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান শুরু করে। তখন সেখান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া বের হতে থাকে। পরে পুলিশ জানায়, অভিযানের সময় ওই দুই ভাই নিহত হয়েছেন।
দামার্তাঁ-অঁ-গুল শহরটি প্যারিসের প্রধান বিমানবন্দর শার্ল দো গল থেকে মাত্র সাত মাইল দূরে অবস্থিত। ঘটনার পর ওই বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের নির্ধারিত অবতরণ বাতিল করা হয়।
প্যারিসে জিম্মি নাটক: পুলিশের একটি সূত্র জানায়, একজন বন্দুকধারী গতকাল প্যারিসের পূর্বাঞ্চলের পোর্ত দো ভাঁসেঁন এলাকার একটি সুপার মার্কেটে ঢুকে পড়ে অন্তত পাঁচ ব্যক্তিকে জিম্মি করেন। প্যারিসে বৃহস্পতিবার যে বন্দুকধারী গুলি করে একজন নারী পুলিশ সদস্যকে হত্যা ও আরেকজনকে আহত করেছিলেন, এই বন্দুকধারী সেই একই ব্যক্তি বলে মনে করা হচ্ছে।
পরে নিরাপত্তা বাহিনী ওই সুপার মার্কেটটি ঘিরে ফেলে। ঘটনাস্থলের আশপাশের এলাকাগুলো থেকে সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। পরে সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় জিম্মি হওয়া লোকজনকে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। অভিযানে জিম্মিকারী বন্দুকধারী নিহত হন। এ ছাড়া ওই ঘটনায় চার জিম্মি নিহত ও আরও চারজন গুরুতর আহত হন। তবে এই জিম্মিদের হতাহতের ঘটনা অভিযানের সময় না কি এর আগে ঘটে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রের দাবি, শার্লি এবদো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন দুই ভাইয়ের সঙ্গে পূর্ব প্যারিসের বন্দুকধারীর ‘যোগসূত্র’ রয়েছে।
হামলাকারীরা ‘আল-কায়েদা প্রশিক্ষিত’: শার্লি এবদোর কার্যালয়ে হামলার সময় হামলাকারীরা ‘আমরা আল-কায়েদা, ইয়েমেন’ বলে চিৎকার দিয়েছিলেন বলে খবরে বলা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাইদ কোশি ও শরিফ কোশি কয়েক বছর ধরে মার্কিন ‘নজরদারি তালিকায়’ ছিলেন।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়েছে, দুই ভাইয়ের মধ্যে সাইদ কোশি ২০১১ সালে ইয়েমেনে কয়েক মাস কাটিয়েছেন। সেখানে তিনি আল-কায়েদার সহযোগীদের কাছ থেকে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন।