প্যারিসে মোদি-নওয়াজ কুশল বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ সোমবার কুশল বিনিময় করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুই নেতা প্যারিস সফরে রয়েছেন। খবর ডন ও এনডিটিভি অনলাইনের।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে ডন জানায়, জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার এক ফাঁকে মোদি ও নওয়াজ করমর্দনের পাশাপাশি কুশল বিনিময় করেন। এ সময় দুই নেতাকেই উষ্ণ বন্ধুত্বপূর্ণ মেজাজে দেখা যায়। বিবৃতিতে বলা হয়, দুই নেতার আলোচনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুই নেতা একটি কক্ষে সোফায় পাশাপাশি বসে কয়েক মিনিট কথা বলেন। পরস্পরের মধ্যে কুশল বিনিময় হয়। একপর্যায়ে মোদিকে কিছু একটা বলতে দেখা যায়। নওয়াজকে মনোযোগ দিয়ে তা শুনতে দেখা গেছে। এ সময় দুই দেশের অন্য কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।
সরকারি কর্মকর্তারা মোদি ও নওয়াজের বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে উল্লেখ করেছেন।
দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের এই নেতারা সর্বশেষ গত জুলাইয়ে রাশিয়ায় বৈঠক করেন। তখন দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরুর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে আশাবাদী হয়ে উঠেছিলেন অনেকে। এরপর দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক করায় নয়াদিল্লির পক্ষ থেকে উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল করা হয়।
সম্প্রতি দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে। এসব হামলার জন্য পরস্পরকে দায়ী করছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তান সরকার সন্ত্রাসীদের মদদ দেয় বলে অভিযোগ নয়াদিল্লির। তবে সে অভিযোগ বারবার অস্বীকার করে আসছে ইসলামাবাদ।