প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোকসভা

ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই সপ্তাহ আগের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ১৩০ জনের স্মরণে গতকাল শুক্রবার শোক পালন করা হয়েছে। ভাবগম্ভীর এ স্মরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন হামলার শিকার ব্যক্তিদের আত্মীয়স্বজন এবং আহত কয়েকজনও। খবর এএফপির।
প্যারিসের স্মরণ এ সমাবেশে উপস্থিতি ছিল প্রায় এক হাজার লোক। ওতেল দেজ আঁভালিদ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পড়ে শোনানো হয় নিহত প্রত্যেকের নাম। প্রেসিডেন্ট ওলাঁদ ভাষণে বলেন, ‘আমরা ভয় অথবা ঘৃণার কাছে আত্মসমর্পণ করব না। যারা এই অপরাধ করেছে, সেই ধর্মান্ধ অস্ত্রধারী বাহিনীকে ধ্বংস করার জন্য ফ্রান্স সব ধরনের চেষ্টা করবে।’
নিহত কয়েকজন ব্যক্তির পরিবারের সদস্যরা গতকালের স্মরণানুষ্ঠান বর্জন করেন। তাঁদের অভিযোগ, ফ্রান্স সরকার দেশের মানুষকে যথেষ্ট নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গত জানুয়ারিতে প্যারিসে জঙ্গি হামলার পর সরকারের উচিত ছিল জনগণের সুরক্ষায় আরও বেশি ব্যবস্থা নেওয়া।
এদিকে জার্মানির বিল্ড পত্রিকা খবর দিয়েছে, প্যারিসের সন্ত্রাসী হামলায় ব্যবহার করা চারটি কালাশনিকভ রাইফেল কেনা হয়েছিল জার্মানির এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে। ওই ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
বিল্ড পত্রিকা বলেছে, কৌঁসুলির কার্যালয় থেকে পাওয়া নথি থেকে তারা জানতে পেরেছে, প্যারিসে সাশা ডব্লিউ নামের একজন জার্মান অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ৭ নভেম্বর এক খদ্দের দুটি একে-৪৭ এবং দুটি জাস্তাভা এম ১৭ রাইফেল কেনেন। পত্রিকাটি বলেছে, ফ্রান্সের তদন্ত কর্মকর্তাদের বিশ্বাস, প্যারিস হামলায় ওই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে।