প্যারিসে হামলা উসকে দিয়েছে 'মুসলিম' বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (স.)কে ব্যঙ্গ করার কথিত প্রতিশোধ হিসেবে ফ্রান্সের প্যারিসে কার্টুনিস্টদের হত্যা পশ্চিমা দেশগুলোতে ‘মুসলিম’ বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। ওই হামলার ঘটনা ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতিকে যে প্রশ্নবিদ্ধ করেছে, তা ইংরেজি দৈনিকগুলোর অনলাইলে পাঠকদের মন্তব্যেই স্পষ্ট। শুধু সাধারণ পাঠকই নন, রাজনীতিক যাঁরা অনেক শালীন ভাষায় ওই হামলার নিন্দা জানাচ্ছেন, তাঁদের কথার ভাবার্থ হলো, যেসব মুসলিম ইউরোপের মূল্যবোধকে ধারণ করতে অনিচ্ছুক, তাঁদের ইউরোপ থেকে ‘দূর’ হওয়া উচিত।

শার্লি এবদোর হামলাকারীদের পাকড়াও করতে গিয়ে আহমেদ মেরাবেদ নামের এক মুসলিম পুলিশ কর্মকর্তা নিহত হন এবং ইহুদি দোকানে হামলার সময় ওই দোকানের মুসলিম কর্মী লাসানা বাতিলি ১৫ জন ইহুদি ক্রেতাকে লুকিয়ে রক্ষা করেন। এই দুটি ঘটনা চলমান বিতর্কে মুসলিমদের খানিকটা নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে। এতসব ডামাডোলের মধ্যেও পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের দুই ইসলামিক উগ্রপন্থী নেতা প্যারিসে হামলাকারীদের প্রশংসা করেছেন। পুলিশের নজরদারিতে থাকা আনজিম চৌধুরী যুক্তরাজ্যকে ‘ইসলামের শত্রু’ বলে আখ্যায়িত করেন। অপরজন মিজানুর রহমানের মতে, ‘নবীকে যারা তিরস্কার করে, তারা এর চেয়ে অন্য কোনো বিকল্প আশা করতে পারে না।’

যুক্তরাজ্যের সংস্কৃতিবিষয়কমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, প্যারিসে হামালাকারীদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এমন দাবি অমূলক। হামলাকারীরা যে মুসলিম ছিল, এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইসলামি উগ্রপন্থা দমনে মুসলিমদের বিশেষ দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন। লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, যারা ব্রিটিশ মূল্যবোধ ধারণ করতে অস্বীকৃতি জানাবে, তাদের উচিত যুক্তরাজ্য ছেড়ে যাওয়া।

মিডিয়া সম্রাট বলে পরিচিত নিউজ করপোরেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের নাগরিক রুপার্ট মার্ডক তাঁর টুইটার বার্তায় বলেন, ‘যতদিন মুসলিমরা তাদের জিহাদি ক্যানসারের কথা স্বীকার না করছে, এই জিহাদকে নির্মূল না করছে, ততদিন সব মুসলিমকে অবশ্যই এর দায় নিতে হবে।’ এমন টুইট প্রকাশের ঘণ্টা খানেকের মধ্যে দুই হাজার লাইক পেয়েছেন তিনি এবং আরও চার হাজার ব্যক্তি রিটুইট করেছেন।

এতসব নেতিবাচক আক্রমণের ভিড়ে মুসলিমদের প্রতি খানিকটা আবেগ নিয়ে হাজির হয়েছেন কেউ কেউ। মার্ডকের মনোভাবের সমালোচনা করে বিখ্যাত ‘হেরি পটার’ গল্পের লেখিকা জে কে রাউলিং নিজের টুইটার বার্তায় লিখেছেন, তিনি খ্রিষ্টান হয়ে জন্মেছেন বলে যদি রুপার্ট মার্ডকের কর্মের দায় তাঁকে নিতে হয়, তাহলে তিনি সেই ধর্ম থেকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্যুত হবেন। রাউলিং একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, সন্ত্রাসী হামলায় অমুসলিমদের চেয়ে আট গুণ বেশি মুসলিম প্রাণ হারিয়েছে। ইহুদি দোকানের মুসলিম কর্মচারীর ১৫ জন ইহুদিকে বাঁচানোর ঘটনা মানবতাকে স্মরণ করিয়ে দিয়েছে বলেও তাঁর মন্তব্য। টিভি উপস্থাপক পিয়ার্স মর্গান তাঁর এক নিবন্ধে বলেন, প্যারিসে হামলার দিনই আল-কায়দা ইয়েমেনের একটি পুলিশ কলেজে হামলা চালিয়ে ৪০ জনের বেশি মুসলিমকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের হামলায় কয়েক ডজন মুসলিম প্রাণ হারিয়েছে। তাঁর মতে, এসব ঘটনা প্রমাণ করে হামলাকারীরা মুসলিমদের প্রতিনিধিত্ব করে না।

গত শুক্রবার যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেনসহ ইউরোপের দেশে দেশে মসজিদগুলো ওই হামলার নিন্দা জানিয়েছে। তবে দেশগুলোর অভিবাসন-বিরোধী উগ্রপন্থী দলগুলো দাবি করছে, প্যারিসে হামলার ঘটনা তাদের রাজনৈতিক আদর্শের যথার্থতাকে যুক্তিযুক্ত বলে প্রমাণ করেছে। প্যারিসের ঘটনা অভিবাসন ও ইসলামবিদ্বেষী দলগুলোকে আরও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

যুক্তরাজ্যের সরকার ইসলামিক উগ্রপন্থা দমনে ও সন্ত্রাসী হামলা মোকাবিলায় ইতিমধ্যে বাড়তি সতর্কতা ঘোষণা করেছে। সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে দেশটিতে মুসলিমদের দ্বারা পরিচালিত চ্যারিটিগুলোর ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। পশ্চিমা মূল্যবোধ ও বাকস্বাধীনতার ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার ছাড় না দেওয়ার কথা জানিয়েছে। যার সুবিধা নিয়ে কোনো কোনো ইসলামি উগ্রপন্থী যুক্তরাজ্যকেই ইসলামের শত্রু বলে মন্তব্য করছে।