প্যারিসে হামলার পর জনপ্রিয়তা বেড়েছে ওলাঁদের
ফ্রান্সের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনার পর সে দেশের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের জনপ্রিয়তা এক লাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। অথচ কয়েক সপ্তাহ আগেও তাঁর জনপ্রিয়তা ছিল রেকর্ড পরিমাণ কম। খবর এএফপি।
মতামত জরিপকারী প্রতিষ্ঠান আইফপের গতকাল সোমবারের তথ্য অনুযায়ী, ওলাঁদের জনপ্রিয়তা ২১ শতাংশ থেকে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। আর প্রধানমন্ত্রী মানুয়েল ভলের জনপ্রিয়তা ১৭ শতাংশ বেড়ে ৬১ শতাংশে দাঁড়িয়েছে। জনপ্রিয়তার এ হার ভল যখন প্রথম দায়িত্ব নেন তখনকার চেয়েও বেশি।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে গত ৭ জানয়ারি প্যারিসে বিদ্রূপাত্মক সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে পত্রিকাটির আট সাংবাদিকসহ ১২ জন নিহত হন। এর পরের দুই দিন প্যারিসে একটি সুপার মার্কেটসহ দুটি স্থানে আরও দুটি সন্ত্রাসী হামলায় নিহত হন পাঁচজন।