প্যারিসে রক্তাক্ত হামলা: ব্রাসেলসে প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালেহ আবদেসসালেম
সালেহ আবদেসসালেম

ফ্রান্সের রাজধানী প্যারিসে রক্তাক্ত হামলায় জড়িত প্রধান সন্দেহভাজন সালেহ আবদেসসালেমকে বেলজিয়ামের ব্রাসেলস থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ব্রাসেলসের মোলেনবিক এলাকায় অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। খবর বিবিসির।
বেলজিয়ামের সরকারি কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার অভিযানের সময় আবদেসসালেম আহত হয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন।
আবদেসসালেমকে গ্রেপ্তারের আগে ওই ফ্ল্যাট বেশ কিছু সময় ধরে ঘিরে রাখে পুলিশ। তবে এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি বা সংঘর্ষ হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আর আবদেসসালেম কীভাবে আহত হয়েছেন, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
আবদেসসালেমকে গ্রেপ্তারের বিষয়টি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে নিশ্চিত করেন বেলজিয়ামের অভিবাসনবিষয়ক প্রতিমন্ত্রী থিও ফ্রাঙ্কেন। পুলিশের ওই অভিযানের পর টুইটারে তিনি লিখেছেন, ‘আমরা তাঁকে পেয়েছি।’
গত ১৫ নভেম্বরে প্যারিসে একযোগে কয়েকটি স্থানে চালানো ভয়াবহ হামলায় অন্তত ১৩০ জন নিহত হন।
আরও পড়ুন: রক্তাক্ত প্যারিস, স্তম্ভিত বিশ্ব