প্যারিসে ৪০ বিশ্বনেতা ও ১০ লাখ মানুষের শোভাযাত্রা
ফ্রান্সের প্যারিসে বন্দুকধারীদের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে বিশাল ‘সংহতি শোভাযাত্রা’ করছে দেশটির জনগণ। ১০ লাখের বেশি সাধারণ মানুষ এবং ৪০ জনের মতো বিশ্বনেতা এই শোভাযাত্রায় অংশ নিয়ে বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ জনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
স্থানীয় সময় বেলা তিনটায় শুরু হয় এই শোভাযাত্রা। নিরাপত্তার খাতিরে দুই ভাগে ভাগ হয়ে প্যারিসের প্লেস দ্যো রিপাবলিক এলাকা থেকে শুরু হয়ে দুই গ্রুপ ভিন্ন দুটি রাস্তা দিয়ে প্লেস দ্যো লা নেশন এলাকায় গিয়ে শেষ হবে।
এই ঐতিহাসিক শোভাযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ২ হাজার পুলিশ সদস্য এবং দেড় হাজারের মতো সেনা মোতায়েন করা হয়েছে। মুখোশধারী সৈন্য মোতায়েন আছে বিভিন্ন বাসার ছাদে।
ব্রিটিশ, জার্মান, তুর্কি, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিনিসহ বিশ্বনেতারা শোভাযাত্রায় অংশ নেন। শুরুতে বিশ্বনেতারা এক মিনিট নীরবতা পালন করেন। শোভাযাত্রার সামনের দিকে আছেন ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের স্বজনেরা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, ‘প্যারিস এখন বিশ্বের রাজধানী। পুরো দেশ জেগে উঠবে।’
শোভাযাত্রার সামনে প্যারিসের একটি সুপারশপে ঢুকে লোকজনকে জিম্মি করে রাখা আক্রমণকারী আমেদি কৌলিবেলির একটি ভিডিও দেখানো হচ্ছে। ভিডিওটিতে আমেদি বলেন, রম্য ম্যাগাজিন শার্লি হেবদোয় আক্রমণকারীদের সঙ্গে তিনি কাজ করেছিলেন। ভিডিওতে তাঁকে বলতে দেখা যায়, ‘আমরা আমাদের গ্রুপটাকে দুই ভাগে ভাগ করে ফেলি, যাতে আক্রমণের মাত্রা বেশি হয়।’
ঘটনাস্থল থেকে বিবিসির এক সাংবাদিক প্যাট্রিক জ্যাকসন জানান, প্ল্যাকার্ড, বাহুবন্ধনী এবং টি-শার্টে ‘আমিই শার্লি’ লেখা নিয়ে স্রোতের মতো লোক জমায়েত হতে থাকে। ধীরে ধীরে বাড়তে থাকা মানুষেরা একসময় রাস্তা দখল করলে ট্রাফিকব্যবস্থা বন্ধ হয়ে যায়।
উদ্যোক্তারা আশা করছেন এই শোভাযাত্রাটি বুধবারে ঘটে যাওয়া ঘটনার মতো ভবিষ্যতে ও রকম ঘটনার বিরুদ্ধে ফ্রান্সের জনগণকে একতাবদ্ধ করবে।