প্যারিসে 'আত্মঘাতী হামলার বেল্ট' উদ্ধার
ফ্রান্সের রাজধানী প্যারিসে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় আত্মঘাতী বোমা হামলা চালানোর বেল্টের মতো বস্তু উদ্ধার করেছে পুলিশ। প্যারিসে গুলি, বোমা ও আত্মঘাতী হামলায় ১৩০ জন নিহত হওয়ার ১১ দিন পর এটা উদ্ধার করা হলো। পুলিশের ধারণা, হামলাকারীরাই সেটা ফেলে গেছে। বিবিসি অনলাইনের খবরে এসব কথা জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, প্যারিসের পুলিশ বলছে, গতকাল সোমবার রাস্তা পরিষ্কার করার সময় একজন পরিচ্ছন্নতা কর্মী পরিত্যক্ত অবস্থায় আত্মঘাতী বোমা হামলা চালানোর ওই বেল্টের মতো বস্তুটি খুঁজে পায়। তবে উদ্ধার হওয়া বস্তুটিতে কোনো বিস্ফোরক ছিল না। সেটা পরীক্ষা করে দেখছে পুলিশ।
পুলিশের কয়েকটি সূত্র বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটির সঙ্গে প্যারিসে হামলায় ব্যবহৃত আত্মঘাতী বোমা হামলা চালানোর বেল্টের মিল রয়েছে।
প্যারিসে হামলার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মুঠোফোনের সূত্র অনুযায়ী প্যারিসে হামলা চালানোর মূল পরিকল্পনাকারী সালেহ আবদেসালেমের ভাই আত্মঘাতী বোমা হামলা চালানো ব্রাহিম গত ১৩ নভেম্বর ওই এলাকাতে ছিলেন।