প্যারিসের জাদুঘরে হামলাকারী যুবক মিসরের নাগরিক
ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিসের ল্যুভ জাদুঘরে শুক্রবারের হামলাকারী মিসরের নাগরিক। তাঁর নাম আবদুল্লাহ রেদা আল-হাম্মামি, বয়স ২৯ বছর। তিনি ভ্রমণ ভিসা নিয়ে এক সপ্তাহ আগে প্যারিসে যান।
ল্যুভ জাদুঘরের বাইরে গত শুক্রবার হামলাকারী একজন টহল সেনার ওপর ছুরি নিয়ে হামলা চালান। পরে আরেক সেনার গুলিতে তিনি গুরুতর আহত হন। ছুরির আঘাতে একজন সেনাসদস্য হালকা আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন হামলাকারীর অবস্থার উন্নতি হচ্ছে।
তবে আল-হাম্মামির বাবা রেদা আল রেফাই বলেছেন, তাঁর ছেলের বিষয়টি তিনি ফেসবুক থেকে জেনেছেন। তবে তাঁর ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানেন না। তিনি বলেন, ‘সে কি বেঁচে আছে, নাকি মৃত? এটা কি সত্যিই সে?’ তবে রেদা আল রেফাই দাবি করেন, তাঁর ছেলে জঙ্গি নয়। তাঁর ওপর পুলিশ যে নির্যাতন করেছে, তা ঢাকতে ফরাসি কর্তৃপক্ষ এখন অজুহাত খাড়া করছে।
আল-হাম্মামির চাচা রিয়াদ আল-রেফাই বলেন, ‘আমার কাছে এটা বেশ অসংগত মনে হচ্ছে যে একজন যুবক, যে কিনা সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছে, তার হাতে শুধু একটি ছুরি। তার হাতে যদি বন্দুক, রাইফেল থাকত তাহলে কথা ছিল। আমি বিশ্বাস করতে পারতাম। আমি জানি না...। তবে আমরা সবাই সত্যটা জানতে চাই।’
আল-হাম্মামির বাবা জানিয়েছেন, তাঁর ছেলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শারজাহতে কাজ করতেন। ব্যবসায়িক কাজে এক সপ্তাহের জন্য প্যারিস গিয়েছিলেন।
প্যারিস কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই থেকে পর্যটক ভিসা নিয়ে গত ২৬ জানুয়ারি ফ্রান্সে যান আল-হাম্মামি। কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।