প্যারিসের পথে ক্ষুব্ধ স্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসে বিক্ষোভরত সেনাসদস্যদের স্ত্রীরা। ছবি: এএফপি
প্যারিসে বিক্ষোভরত সেনাসদস্যদের স্ত্রীরা। ছবি: এএফপি

প্যারিসে কর্মক্ষেত্রে স্বামীদের শোচনীয় পরিবেশের প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সেনাসদস্যদের স্ত্রীরা। ‘ক্রুদ্ধ সেনার স্ত্রী’ নামে একটি গ্রুপের সদস্যরা এই বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের সদস্যসংখ্যা প্রায় ৫ হাজার ২০০।

সেনাদের স্ত্রীদের বেশ কিছু অভিযোগ আছে। তাঁরা বলছেন, দুর্ঘটনা-পরবর্তী মানসিক বৈকল্যে (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি) ভুগছেন—এমন সেনাদের পরিবার যথেষ্ট সমর্থন পাচ্ছে না।

আফগানিস্তানে দায়িত্ব পালনরত এক সেনার স্ত্রী সিআর পিন বলেন, ‘পুরোপুরি অসহায় হয়ে পড়েছি। আমরা বুঝতে পারছি না, এমন অবস্থায় কী করা উচিত। কীভাবে মানুষটাকে সাহায্য করা যায়।’

চ্যানেল ফ্রান্স থ্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিন আরও বলেন, ‘বিক্ষোভের মাধ্যমে আমরা আমাদের কষ্ট, আমাদের উদ্বেগ এবং আমাদের ক্ষোভ প্রদর্শন করতে চাই।’

সেনাবাহিনীর বেতনব্যবস্থার বিষয়েও অভিযোগ তুলছেন তাঁরা। সফটওয়্যারের ত্রুটির কারণে বেশি বেতন প্রদান করে হঠাৎ ওই বাড়তি অর্থ ফেরতের নির্দেশ দেওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেক সেনাসদস্য।

২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে বিতর্কিত ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলার পর জনসমাবেশ ও বিভিন্ন অনুষ্ঠানে নজরদারি বাড়াতে প্রায় সাত হাজার সেনা মোতায়েন করে ফরাসি সরকার। নতুন এই দায়িত্ব সেনাদের জীবনযাপনে প্রভাব ফেলেছে। গতকাল ফরাসি সংবাদমাধ্যমগুলো জানায়, গত শুক্রবার এই দায়িত্ব পালনরত অবস্থায় একজন সেনা গুলি করে আত্মহত্যা করেন।