
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সড়কে সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলার বেল্ট পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। বেল্টটি খতিয়ে দেখছে ফরাসি পুলিশ। এদিকে পাশের দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জারি করা সর্বোচ্চ সতর্কাবস্থা আরেক সপ্তাহ বাড়ানো হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
পুলিশ জানায়, প্যারিসের মোঁরুজ এলাকায় পরিচ্ছন্নতাকর্মীরা একটি ডাস্টবিনে বিস্ফোরকপূর্ণ বেল্টটি পান। প্যারিস হামলার পর অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেসালাম ওই এলাকা দিয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হয়। তার খোঁজে নামা ফরাসি পুলিশের এ পর্যন্ত পাওয়া দুটি জিনিসের একটি হলো এই বেল্ট। এর আগে প্যারিস হামলায় ব্যবহৃত ভাড়া করা পরিত্যক্ত একটি গাড়িতে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। ওই ফোনের তথ্য অনুযায়ী, বেল্টটি যেখানে পাওয়া গেছে সে এলাকাতেই হামলার রাতে অবস্থান করছিলেন সালাহ আবদেসালাম। ধারণা করা হচ্ছে, আবদেসালাম আত্মঘাতী হামলা করার পরিকল্পনা নিয়েও হয়তো শেষ মুহূর্তে বাতিল করেন অথবা তাঁর বেল্টটি কাজ করেনি।
সালাহ আবদেসালামের ভাই ব্রাহিম আবদেসালাম প্যারিসে ১৩ নভেম্বর আত্মঘাতী হামলার ঘটনায় মারা যান। বলা হচ্ছে, প্যারিসের সড়কে পাওয়া বেল্টটি সে দিনের হামলায় ব্যবহৃত আত্মঘাতী হামলার বেল্টের মতোই।
এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সতর্কাবস্থা আরেক সপ্তাহ বাড়ানো হয়েছে। সোমবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেন, সেখানে ‘আসন্ন হামলার হুমকি’ এখনো বহাল। ব্রাসেলসের বিদ্যালয় ও মেট্রোরেল গতকাল মঙ্গলবারও বন্ধ ছিল। সেগুলো আজ বুধবার খোলার কথা।
বেলজিয়াম কর্তৃপক্ষের ধারণা, প্যারিসে হামলাকারীদের অন্তত একজন ব্রাসেলসে পালিয়ে রয়েছেন। তাই সেখানে প্যারিসের কায়দায় রক্তক্ষয়ী হামলার আশঙ্কায় কর্তৃপক্ষ এই সতর্কাবস্থা গ্রহণ করে।
বেলজিয়ামের পুলিশ প্যারিস হামলার সঙ্গে জড়িত সন্দেহে চতুর্থ ব্যক্তিকে অভিযুক্ত করেছে। গত রবি ও সোমবারের অভিযানে ২১ জনকে পাকড়াও করা হলেও ১৭ জনকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ ছেড়ে দেয়।
প্যারিস হামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত সময় পার করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গতকাল ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁর। এরপর পর্যায়ক্রমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোর অন্য নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।