প্যারিসের হামলাকারী পুলিশের পরিচিত ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বৃহস্পতিবার পুলিশের ওপর বন্দুক হামলা চালানো ব্যক্তিকে আগে থেকেই চিনত পুলিশ। ফরাসি পুলিশের একটি সূত্র গতকাল শুক্রবার জানিয়েছে, হামলাকারীর নাম করিম শরফি (৩৯) বলে নিশ্চিত হয়েছেন তাঁরা। ১৬ বছর আগে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালানোর ঘটনায় তিনি কয়েক বছর কারাগারে ছিলেন বলেও জানিয়েছে সূত্রটি।
প্যারিসের ব্যস্ত ও জনপ্রিয় পর্যটক এলাকা শঁজে লিজেতে বৃহস্পতিবার রাতে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালান ওই হামলাকারী। এতে এক পুলিশ সদস্য নিহত এবং দুই সদস্য আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হন। তবে বেলজিয়ামের নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী হামলায় জড়িত সম্ভাব্য দ্বিতীয় ব্যক্তির খোঁজে অভিযান চলছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বলেছে, আবু ইউসুফ আল-বেলজিকি নামে তাদের এক সদস্য হামলা চালিয়েছে।
পুলিশের সূত্রটি আরও জানায়, ১৬ বছর আগের হামলার ঘটনায় গ্রেপ্তারের পর করিম শরফি কারাগারের এক কর্মকর্তার বন্দুক ছিনিয়ে নিয়ে তাঁকে গুলি করে আহত করেছিলেন। সাজা খাটার পর মুক্তি পেলেও চলতি বছর আবারও পুলিশের ওপর হামলার পরিকল্পনার সন্দেহে তাঁকে কিছু সময়ের জন্য আটক করা হয়। পরবর্তী সময়ে তাঁর জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার ইঙ্গিত মিলেছে। তদন্ত ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল বলেছে, নিহত হামলাকারীর কাছে আইএসের প্রশংসা করা একটি হাতে লেখা কাগজ পাওয়া গেছে।
কাল রোববার অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে এই হামলার ঘটনা সে দেশে এখন উত্তপ্ত রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন, ফ্রান্সের নির্বাচনে প্যারিসের এই হামলার বড় ধরনের প্রভাব পড়বে।
নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী রক্ষণশীল নেতা ফ্রাঁসোয়া ফিলোঁ বলেছেন, পরবর্তী সরকারের মুখ্য কাজ হওয়া উচিত ফ্রান্সের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
কট্টর ডানপন্থী অভিবাসনবিরোধী প্রার্থী মারি লো পেন অভিযোগ করেন, বিদায়ী সমাজতান্ত্রিক সরকার সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে ফ্রান্সের পরাজয় নিশ্চিত করতে সবকিছু করেছে।