প্রকাশকের বিরুদ্ধে মামলা করবে গোয়েবলস এস্টেট
বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক প্রকাশনা প্রতিষ্ঠান র্যানডম হাউসের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে অ্যাডলফ হিটলারের প্রচারণা কর্মকাণ্ডের প্রধান জোসেফ গোয়েবলসের উত্তরাধিকারী কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, প্রকাশনা প্রতিষ্ঠানটি গোয়েবলসের ডায়েরি থেকে বিপুল পরিমাণ উদ্ধৃতি নিয়ে তাঁর জীবনী প্রকাশ করেছে।
বই বিক্রি বাবদ রয়্যালিটি না দিয়ে গোয়েবলসের উদ্ধৃতি ব্যবহারের অভিযোগে মামলা করতে যাচ্ছেন তাঁর উত্তরাধিকারী করডুলা শাহট। তাঁর বাবা হিয়ালমাহ শাহট নাৎসি আমলে মন্ত্রী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হিয়ালমাহর বিচার হয়। আদালত তাঁকে বেকসুর খালাস দেন। করডুলা গোয়েবলসের ডায়েরির স্বত্বাধিকারী। চলতি বছরের শেষ পর্যন্ত ওই ডায়েরির মালিকানাস্বত্ব সংরক্ষিত রয়েছে।
উদ্ধৃতি প্রকাশে র্যা নডম হাউস প্রথমে গ্রন্থের খুচরা দামের এক শতাংশ দিতে রাজি হয়েছিল। তবে যুদ্ধাপরাধীর উত্তরাধিকারীকে সম্মানী দিতে নৈতিক আপত্তি রয়েছে জানিয়ে পরে চুক্তি বাতিল করে।
অসত্য তথ্য প্রচারের জন্য ইতিহাসে গোয়েবলসের নাম মিথ্যাচারের সমার্থক হয়ে উঠেছে।
ইতিহাসের অধ্যাপক পিটার লঙ্গারিচ বলেন, জরুরি ঐতিহাসিক নথিপত্র ব্যক্তির নিয়ন্ত্রণে দেওয়া উচিত নয়। তবে গোয়েবলসের ডায়েরি থেকে উদ্ধৃতি ব্যবহার করা অন্য প্রকাশকেরা সম্মানী দিয়েছেন।
২০১০ সালে জার্মানিতে গোয়েবলসের জীবনী প্রথম প্রকাশিত হয়। আগামী মে মাসে বইটি ইংরেজিতে প্রকাশের কথা রয়েছে।