সাগরপথে গ্রিসে পাড়ি জমাতে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় একটি পাঁচ বছর বয়সী মেয়েশিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। উত্তাল বাতাসের কারণে অভিবাসনের চেষ্টা কিছুটা থিতিয়ে আসার পর মঙ্গলবার থেকে তা আবার বেড়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রাণহানির এ ঘটনা ঘটল বলে পুলিশ জানিয়েছে। খবর এএফপির।
পুলিশ জানায়, সাগর থেকে উদ্ধারের পর মেয়েশিশুটির মৃত্যু হয়। তুরস্ক থেকে গ্রিসের লেসবস দ্বীপে পৌঁছানোর চেষ্টা করার সময় নৌকাডুবি হলে অন্যদের সঙ্গে মেয়েটি সাগরের হিমশীতল পানিতে পড়ে যায়। ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের টহল নৌযান দুর্ঘটনাকবলিত নৌকাটির অন্য ৫৫ জন আরোহীকে উদ্ধার করে। ফ্রন্টেক্স আরেকটি বিপদে পড়া নৌযানের নারী ও শিশুসহ আরোহীদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়া একজন নারীকে বাঁচাতে পারেনি।
গ্রিসের উপকূল এলাকায় তাপমাত্রা এখন শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে ওঠা-নামা করছে। এ পরিস্থিতির মধ্যেও মঙ্গলবার গ্রিসে পৌঁছেছে আট শর মতো অভিবাসী। গতকাল দুপুর পর্যন্ত আসে এক হাজারের বেশি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, ১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তুরস্ক থেকে গ্রিসের দ্বীপগুলোতে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে। আইওএমের তথ্যানুযায়ী, এ বছরের শুরু থেকে প্রায় ৩১ হাজার লোক এ পথে পাড়ি দিয়েছে। গত বছরের জানুয়ারি মাসের তুলনায় তা ২১ গুণেরও বেশি।