স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে নির্বাচনী প্রচারণা শেষ সপ্তাহে প্রবেশ করেছে। শেষ মুহূর্তে এসে অর্থনৈতিক লাভ-লোকসানের বিষয়টি প্রচারণার প্রধান বিষয়ে পরিণত হয়েছে। শেষ পর্যায়ে এসে বেড়েছে ব্যবসায়ী নেতা ও শীর্ষ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের উদ্বেগ ও সংশয়। খবর বিবিসির।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড বলেছেন, তেল কোম্পানি, সুপার মার্কেট বা লন্ডনের ‘ভয়ে ভীত নয়’ স্কটল্যান্ড। তিনি বলেন, ‘আমরা আরও সমৃদ্ধিশালী একটি দেশ ও প্রাচুর্যময় একটি সমাজ গঠনের সুযোগ হাতছাড়া করতে চাই না।’
ডয়চে ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডেভিড ফোলকার্টস-ল্যানডাউয়ের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফার্স্ট মিনিস্টার স্যামন্ড ওই কথা বলেছেন। ল্যানডাউ বলেছেন, স্কটিশ ভোটার ও রাজনীতিবিদেরা স্বাধীনতার পরিণতি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন।
শুক্রবারের জরিপে স্বাধীনতার বিপক্ষে জনমত এগিয়ে ছিল। গার্ডিয়ান /আইসিএম পরিচালিত ওই জরিপে ৪৯ শতাংশ ‘হ্যাঁ’ এবং ৫১ শতাংশ ‘না’ মত পড়ে। এ জরিপে এখনো সিদ্ধান্ত না নেওয়া ভোটারদের ধরা হয়নি।
স্বাধীনতার পক্ষের স্কটিশরা বলছেন, প্রচারাভিযানের শেষ সময়ে ৩৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবী লোকজনকে স্বাধীনতার পক্ষে টানার চেষ্টা করবেন। তাঁদের দাবি, শেষ ৪৮ ঘণ্টায় ২৬ লাখ ‘হ্যাঁ’ প্রচারপত্র বিলি করা হবে। প্রসঙ্গত, ৩০ হাজার ৪১৪ বর্গমাইল আয়তনের স্কটল্যান্ডের জনসংখ্যা ২০০১-এর আদমশুমারি অনুযায়ী ৫০ লাখ।
এদিকে স্কটল্যান্ডের অর্থমন্ত্রী জন সুইনি বলেছেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্কটল্যান্ড ইতিহাসের অন্য যেকোনো রাষ্ট্র থেকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি থেকেই যাত্রা শুরু করবে। প্রচারণার এই পর্যায়ে ফার্স্ট মিনিস্টার স্যামন্ড ওবান, আয়ার, গ্লাসগোসহ সারা দেশে প্রচার চালাবেন।
আমন্ত্রিত গোপাল কৃষ্ণ গান্ধী: টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর ও মহাত্মা গান্ধীর নাতি গোপাল কৃষ্ণ গান্ধীকে ৩০ সেপ্টেম্বর স্কটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য একজন এমএসপি আমন্ত্রণ করেছেন। ওই ভাষণের শিরোনাম হবে ‘স্বাধীনতা: স্বপ্ন ও বাস্তবতা’। স্কটল্যান্ড গণভোটের মাধ্যমে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হলে গোপাল কৃষ্ণই হবেন স্বাধীন স্কটল্যান্ডের পার্লামেন্টে ভাষণ দেওয়া প্রথম ভারতীয়।