প্রচারণার সময়ও ট্রাম্পের আলোচনা চলছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে চলছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার প্রস্তুতি, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক আলোচনা। ২০১৫ সালের শেষের দিকটা এভাবেই কেটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রিপাবলিকান দলে তখনো তাঁর প্রার্থিতা নিশ্চিত হয়নি। ঠিক সে সময় মস্কোয় বিশাল এক ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা নিয়ে সামনে বাড়ছিল তাঁর প্রতিষ্ঠান।

ট্রাম্প অর্গানাইজেশনের আইনজীবীদের পর্যালোচনা করা ব্যবসায়িক এই প্রস্তাব এবং নতুন কিছু নথি সম্পর্কে ওয়াকিবহাল কয়েকটি সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। ব্যবসায়িক ওই আলোচনার অংশ হিসেবে রুশ বংশোদ্ভূত এক আবাসন ব্যবসায়ী ট্রাম্পকে মস্কো যাওয়ার অনুরোধ করেন। ওই ব্যবসায়ী আরও বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ট্রাম্পের ব্যাপারে ‘অনেক ভালো কিছু’ বলবেন।

ব্যবসায়িক ওই আলোচনার বিষয়ে ওয়াকিবহাল দুটি সূত্র জানায়, রুশ বংশোদ্ভূত ওই আবাসন ব্যবসায়ীর নাম ফেলিক্স স্যাটার। ২০১৫ সালের নভেম্বর মাসে এক ই-মেইলে তিনি আশা ব্যক্ত করেন যে খুব শিগগির তিনি ও ট্রাম্প অর্গানাইজেশনের নেতৃস্থানীয় কর্মকর্তারা আবাসন ব্যবসার ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প এবং নির্বাচনে ট্রাম্পের সাফল্য উদ্‌যাপন করবেন।

ই-মেইল আদানপ্রদান সম্পর্কে জানেন এমন এক ব্যক্তি বলেছেন, ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাইকেল কোহেনকে এক ই-মেইলে ফেলিক্স স্যাটার লেখেন, ‘আপনি কি বিশ্বাস করতে পারেন, ব্রুকলিনের দুই ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত করতে চলেছেন?’ এখানে উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে ছয় বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় স্যাটারের পরিবার। এরপর তিনি ব্রুকলিনেই বেড়ে উঠেছেন।

তবে স্যাটারের প্রস্তাবে সাড়া দিয়ে ট্রাম্প মস্কো যাননি। মস্কোয় ট্রাম্প টাওয়ার নির্মাণের জন্য বিনিয়োগকারী ও ট্রাম্পের প্রতিষ্ঠান ঐকমত্যে পৌঁছাতে পারলেও জমি এবং অনুমতি না পাওয়ায় প্রকল্পটি আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রকল্পটি বাতিল করা হয় বলে জানিয়েছে সূত্রগুলো। এর কিছুদিন পরই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার জন্য রিপাবলিকান দলে লড়াই শুরু করেন ট্রাম্প। এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাইকেল কোহেনও কোনো মন্তব্য করতে রাজি হননি।