প্রথম মুসলিম ও নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে রোমানিয়া

ইউরোপজুড়ে যখন মুসলিমবিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, তখন এর বিপরীত পথে হাঁটল ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ রোমানিয়া। একজন মুসলিম নারী দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
রোমানিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ৫২ বছর বয়সী সেভিল শাইদেহকে প্রধানমন্ত্রী করার জন্য প্রস্তাব দিয়েছে। দলটি গত ১১ ডিসেম্বরের নির্বাচনে ৪৫ ভাগ ভোট পেয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে। দেশের প্রেসিডেন্ট এই প্রস্তাব অনুমোদন করলে তাতার বংশোদ্ভূত সেভিল হবেন রোমানিয়ার প্রথম নারী ও মুসলিম প্রধানমন্ত্রী। তিনি ইতিপূর্বে আঞ্চলিক প্রশাসন ও জনপ্রশাসনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধান লিভিউ ড্রাগনেয়ার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ রয়েছে। এ জন্য ড্রাগনেয়া সাজাও পেয়েছেন। প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী এমন ব্যক্তিকেই হতে হবে যার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই। এরপর সেভিলের নাম প্রস্তাব করা হয়। এখন প্রেসিডেন্ট ও পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে সেভিল শাইদেহ রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে পারেন। এ সম্ভাবনাই বেশি মনে করছে দেশটির গণমাধ্যম।