প্রধানমন্ত্রীর পোকেমন গো আসক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নরওয়ের পার্লামেন্টে একটা বিতর্ক চলছিল। প্রধানমন্ত্রী এরনা সলবার্গের মনোযোগ তখন স্মার্টফোনে। মগ্ন হয়ে খেলছিলেন ‘পোকেমন গো’। ঘটনা গত মঙ্গলবারের। প্রধানমন্ত্রী সলবার্গের এই কাণ্ড ধরা পড়েছে ক্যামেরায়। পত্রিকাগুলোও সেটা ছাপতে দেরি করেনি।
বিতর্কিত এই গেম সলবার্গ খুব পছন্দ করেন, এ কথা আগেও বলেছেন। তবু এবারের ঘটনাটায় তাঁর নিন্দুকেরা অনেক সমালোচনা শুরু করেছেন। ৫৫ বছর বয়সী রক্ষণশীল রাজনীতিক সলবার্গ গত আগস্টে স্লোভাকিয়ায় সরকারি সফরকালে কয়েকটি বৈঠকের মাঝখানে বিরতি নিয়ে পোকেমন গো খেলতে বসেছিলেন। আর সে কথা ব্রাতিস্লাভায় সাংবাদিকদের অকপটে বলেওছিলেন।
রাজনৈতিক বিরোধীদের কয়েকজন বলেছেন, পার্লামেন্টের ভেতরে পোকেমন গো খেলে আইনসভার প্রতি ‘অসম্মান’ দেখিয়েছেন প্রধানমন্ত্রী। অবশ্য সে সময় যিনি পার্লামেন্টে বক্তৃতা করছিলেন, সেই নেতা এ বিষয়ে বেশ নমনীয় কথা বলেছেন। তিনিও একজন নারী, নাম মিস গ্র্যান্ড। তাঁর যুক্তি, ‘প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমার কথা শুনছিলেন, গেম নিয়ে মগ্ন থাকলেও। নারীরা একসঙ্গে দুটো কাজ করতে পারেন।’
প্রধানমন্ত্রী সলবার্গ পার্লামেন্টে বসে পোকেমন গো খেলাটায় সম্ভবত সেদিন খুব একটা জুত করতে পারছিলেন না। কারণ, তাঁর ফোনে জিপিএস-সংযোগ পেতে সমস্যা হচ্ছিল। সে যাহোক, সমালোচকদের নিয়ে তাঁর খুব একটা মাথাব্যথা আছে বলে মনে হয় না।
ভিডিও গেম পোকেমন গোতে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে প্রাপ্ত অবস্থান, গ্রাফিকস ও মুঠোফোনের ক্যামেরা ব্যবহার করে বাস্তব পৃথিবীতে কার্টুন দানব খুঁজে পাকড়াও করতে হয়। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক সফটওয়্যার কোম্পানি নিয়ানটিক চলতি বছরের ৬ জুলাই আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই গেমটি বাজারে ছাড়ে।
গেমসের প্রতি প্রধানমন্ত্রী সলবার্গের আগ্রহ বেশ পুরোনো। আগে তিনি ক্যান্ডি ক্র্যাশ নামের গেম নিয়ে বেশি সময় কাটাতেন।