প্রেমের টানে সাইকেলে ইউরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পি কে মহানন্দিয়া ও শার্লট ভন শেডভিন একসঙ্গে, ২০১৪ সালে
পি কে মহানন্দিয়া ও শার্লট ভন শেডভিন একসঙ্গে, ২০১৪ সালে

১৯৭৫ সালের এক শীতের সন্ধ্যা। দিল্লিতে বেড়াতে আসা শার্লট ভন শেডভিনকে সেদিনই প্রথমবার দেখেছিলেন ভারতীয় চিত্রশিল্পী পি কে মহানন্দিয়া। এরপর প্রায় এক মহাকাব্যিক কাহিনির শুরু। যে কাহিনি ভালোবাসার টানে সাইকেলে চেপে মহানন্দিয়ার ইউরোপে ছুটে যাওয়ার।
সুইডেনের বোরাস এলাকার বাসিন্দা শার্লট পর্যটক হিসেবে বন্ধুদের সঙ্গে এসেছিলেন ভারতে। দিল্লির কনট প্লেস এলাকায় দেখা পেয়ে যান মহানন্দিয়ার, যিনি ইতিমধ্যেই মানুষের মুখাবয়বের স্কেচ এঁকে সুনাম কুড়িয়েছিলেন। মহানন্দিয়া ‘১০ মিনিটেই প্রতিকৃতি আঁকতে পারেন’ এমন কথা শুনে তাঁর কাছে যান শার্লট। তবে প্রথমবারে তিনি যা এঁকে দিলেন, তাতে মন ওঠেনি শার্লটের। তাই পরের দিন আবার আসা। দুর্ভাগ্যজনকভাবে, এদিনও কোনো উন্নতি হলো না। তবে আত্মপক্ষ সমর্থন করে মহানন্দিয়া যা বললেন, তাতেই হয়তো মন গলে যায় এ সুইডিশ তরুণীর।
মহানন্দিয়ার বক্তব্যটা ছিল এমন, ওডিশা রাজ্যের প্রত্যন্ত এক গ্রামের দলিত পরিবারে জন্ম হওয়ায় স্কুলের উচ্চবর্ণের ছেলেদের হাতে প্রায়ই বৈষম্যের শিকার হতেন তিনি। মা সান্ত্বনা দিতে গিয়ে তাঁকে বলতেন, জ্যোতিষী বলেছে, সুদূর কোনো দেশ থেকে আসা এক মেয়ের সঙ্গে বিয়ে হবে তাঁর। গানবাজনা করা সেই মেয়ে হবে একটি বনের মালিক ইত্যাদি। কৈফিয়ত দিয়ে মহানন্দিয়া বলেন, ছবি আঁকতে বসে মায়ের সেই ভবিষ্যদ্বাণীর কথাই বারবার মনে আসছে তাঁর।
এরপর শার্লটের কাছে মহানন্দিয়া জানতে চান তাঁর কোনো বন আছে কি না? জবাবে বিদেশিনী জানিয়ে দেন, ‘আছে’। শুধু তাই নয়, তিনি পিয়ানো বাজাতেও ভালোবাসেন।
সেই দিনের কথা স্মরণ করে এখন ৬৬ বছর বয়সী মহানন্দিয়া বলেন, ‘আমার অন্তরই বলে উঠেছিল, এই তো সেই নারী। প্রথম সাক্ষাতেই চুম্বকের মতো সে আমাকে টানছিল। সেটা ছিল প্রথম দর্শনেই প্রেমে পড়া। কিন্তু আজ পর্যন্ত জানি না, কেমন করে আমি ওই প্রশ্নগুলো করে ফেলেছিলাম।...আমার তো ভয় হচ্ছিল, সে পুলিশ-ই না ডেকে ফেলে।’
তবে ঘটেছিল ঠিক উল্টোটাই। শার্লট বলেন, ‘আমার মনে হয়েছিল, ও খুব সৎ। জানতে চেয়েছিলাম, সে কেন বন বা সংগীত নিয়ে এসব প্রশ্ন করছে।’ কয়েকবার আলাপ হওয়ার পর মহানন্দিয়ার ওডিশার বাড়িতে যেতে রাজি হন শার্লট। সেখানে কয়েক দিন থাকার পর একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা। একসময় পরিবারের সম্মতিতে স্থানীয় ঐতিহ্য অনুযায়ী বিয়ে হয় তাঁদের।
শার্লট বেড়ানো শেষে নিজের দেশে ফিরে যাওয়ার আগে মহানন্দিয়ার কাছ থেকে সুইডেনে যাওয়ার প্রতিশ্রুতি আদায় করে ছাড়েন। কিন্তু, উড়োজাহাজের টিকিট কেনার সাধ্য ছিল না মহানন্দিয়ার। ফলে এক বছর তাঁরা শুধু চিঠির মাধ্যমেই যোগাযোগ রাখেন। একদিন একটি সাইকেল কিনে তিনি শুরু করেন ইউরোপ-যাত্রা। দিনটি ছিল ১৯৭৭ সালের ২২ জানুয়ারি। প্রতিদিন ৭০ কিলোমিটার করে এগোন তিনি। পথে মানুষের ছবি এঁকে থাকা-খাওয়ার ব্যবস্থা করেন। পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও তুরস্ক হয়ে ২৮ মে ইউরোপের ভিয়েনায় পৌঁছান মহানন্দিয়া। এ পথেই ২২ দিনে ভারতে এসেছিলেন শার্লট। ভিয়েনা থেকে ট্রেনে চেপে সুইডেনে যান ভারতীয় প্রেমিক। তবে বাধা হয়ে দাঁড়ায় শার্লটের মা-বাবা ও সাংস্কৃতিক ব্যবধান। তবে সবকিছু জয় করে শেষ পর্যন্ত ইউরোপীয় কায়দায় আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন দুজন। এখন তাঁরা সুইডেনেই থাকেন। ঘরে এসেছে দুটি সন্তান। সূত্র: বিবিসি।