প্রেসিডেন্ট বাশারের চাচার বিরুদ্ধে ফ্রান্সে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদের বিরুদ্ধে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ওই মামলা-সংশ্লিষ্ট এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ কথা জানান।
চাচা রিফাত আল-আসাদ তাঁর ভাইপো প্রেসিডেন্ট বাশারের বিরোধী। গত ৯ জুন ফ্রান্সের একটি অর্থ আদালত রিফাতের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে ফ্রান্সে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আছে। রিফাতের ফ্রান্স ত্যাগ করার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রিফাত আল-আসাদের বিরুদ্ধে ২০১৩ সালে ফ্রান্সের দুটি দুর্নীতিবিরোধী সংস্থা অভিযোগ দায়ের করে। এ বিষয়ে রিফাতের আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি। রিফাতের ঘনিষ্ঠরা বলছেন, তাঁর সম্পদ সিরিয়া থেকে আসেনি।