প্রেসিডেন্টের গার্ড বাহিনী ভেঙে দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিসেপ তাইয়েপ এরদোয়ান
রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী ভেঙে দেওয়া হচ্ছে। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, এই বাহিনীর ‘কোনো দরকার’ নেই। গত সপ্তাহে দেশটিতে সামরিক অভ্যুত্থানচেষ্টার জের ধরে এই বাহিনীর প্রায় তিন শ সদস্যকে আটক করা হয়। এরপর এখন পুরো বাহিনীকেই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।
এদিকে প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অভ্যুত্থানচেষ্টার নেপথ্যের মূল হোতা হিসেবে তুরস্ক যাঁকে দুষছে, সেই যুক্তরাষ্ট্রপ্রবাসী ধর্মীয় প্রচারক ফেতুল্লা গুলেনের একজন প্রধান সঙ্গীকে শনিবার রাতে আটক করা হয়েছে।
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম গতকাল ‘এ হাবের টিভি’ নামের একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘প্রেসিডেন্টের গার্ড বাহিনী আর থাকছে না। এটির এখন আর কোনো যথার্থতা নেই, কোনো প্রয়োজন নেই।’
অভ্যুত্থানচেষ্টার পর থেকে সরকারি হিসাবে গতকাল পর্যন্ত ১০ হাজার ৪১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা মূলত সেনা, পুলিশ, বিচারক, আইনজীবী ও সরকারি কর্মচারী। এর মধ্যে ৪ হাজার ৬০ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকার বলছে, বিভিন্ন বাহিনী ও সরকারের বহু প্রতিষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধী ফেতুল্লা গুলেনের সমর্থক রয়েছেন। তাঁদের অনেকে সশস্ত্র।
শনিবার আটক হালিস হানচিকে তুরস্ক সরকার গুলেনের ‘ডান হাত’ হিসেবে উল্লেখ করেছে। একজন কর্মকর্তা বলেছেন, হালিস হানচি অভ্যুত্থানচেষ্টার মাত্র দুই দিন আগে বিদেশ থেকে তুরস্কে ঢুকেছিলেন বলে তাঁরা তথ্য পেয়েছেন।
এর আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এরজুরুম এলাকা থেকে গুলেনের ভাইপো মুহাম্মেত সেইত গুলেনকে আটক করা হয়। আনাদোলু বার্তা সংস্থা বলেছে, সেইত গুলেনকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানী আঙ্কারায় নেওয়া হচ্ছে।
অভ্যুত্থানচেষ্টা-পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণের সাম্প্রতিক উদ্যোগে গত শনিবার প্রেসিডেন্ট এরদোয়ান কোনো অভিযোগ ছাড়াই কাউকে আটক রাখার সময়সীমা বর্তমানের ৪ দিন থেকে ৩০ দিন পর্যন্ত বাড়িয়ে ডিক্রি জারি করেন। একই দিন বিরোধী গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন তিনি। এর আগে শুক্রবার পার্লামেন্টে এরদোয়ান বলেন, ফেতুল্লা গুলেনের ‘সন্ত্রাসী’ আন্দোলনের সমর্থকদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এদিকে চীনে আগামী মাসে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে যাতে তুরস্কের অভ্যুত্থানচেষ্টার প্রসঙ্গ থাকে এবং এরদোয়ান সরকারের প্রতি সমর্থন ঘোষণা করা হয়, সে জন্য আঙ্কারার পক্ষ থেকে তদবির করা হয়েছিল, কিন্তু তুরস্কের সে চেষ্টা সফল হয়নি। তবে তুরস্কের উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেক এই বক্তব্য প্রত্যাখ্যান করে টুইটারে বলেছেন, এ ধরনের কোনো চেষ্টা তুরস্কের পক্ষ থেকে করা হয়নি।