প্রেসিডেন্টের রূপচর্চায় তিন মাসে ব্যয় ২৪ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো তিন মাসে রূপচর্চায় খরচ করেছেন ২৪ লাখ টাকা। ছবি: এএফপি
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো তিন মাসে রূপচর্চায় খরচ করেছেন ২৪ লাখ টাকা। ছবি: এএফপি

ফ্রান্সের রাজনীতিতে তরুণ নেতা হিসেবেই বিবেচিত বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। আর সেই ‘তরুণ মুখকে’ সজীব রাখতে তিন মাসে রূপচর্চায় খরচ হয়েছে ৩০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ২৪ লাখ টাকা।

ম্যাঁখো ক্ষমতা গ্রহণের প্রথম তিন মাসেই এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। গত বৃহস্পতিবার ফরাসি ম্যাগাজিন লু পোঁয়া এই খবর প্রকাশ করেছে।

লু পোঁয়ার বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম তিন মাসে ৩৯ বছর বয়সী ম্যাঁখো রূপচর্চার পেছনে প্রতিদিন ৩৩০ ডলার করে খরচ করেছেন। প্রতি মাসে খরচ করেছেন গড়ে ১০ হাজার ডলার। আর পুরো খরচই গেছে ফরাসি জনগণের দেওয়া কর থেকে।

বর্তমানে ম্যাঁখোর প্রতি সমর্থন দিচ্ছেন মাত্র ৩৬ শতাংশ ফরাসি জনগণ। সেই হিসাবে রূপচর্চার এ নতুন তথ্য জনমতকে বেশ প্রভাবিত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

লু পোঁয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এলিসি প্রাসাদ রূপচর্চা শিল্পী নাতাশা এমকে দুই দফায় অর্থ পরিশোধ করেছে। প্রথমে ১০ হাজার ইউরো দেওয়া হয় তাঁকে। পরে আবার ১৬ হাজার ইউরো পরিশোধ করা হয়। যা ৩০ হাজার ডলারের সমান। মূলত বিভিন্ন সংবাদ সম্মেলন, গণসমাবেশ ও ভ্রমণের সময় এই রূপচর্চা শিল্পী কাজ করেছেন।

এই খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে এলিসি প্রাসাদ। সেখানকার একজন মুখপাত্র একটি ফরাসি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এই বাজেট ‘উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে’।

অবশ্য এমন কেলেঙ্কারি ফরাসি প্রেসিডেন্টদের জন্য নতুন নয়। সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ১১ হাজার ডলার খরচ করে চুল কেটে খবরের শিরোনাম হয়েছিলেন। ওঁলাদ বা তাঁরও পূর্বসুরী নিকোলাস সারকোজিও রূপচর্চায় বেশ খরচ করতেন। ম্যাঁখো আছেন মাঝামাঝি অবস্থানে। প্রতি তিন মাসের হিসাবে ওঁলাদ খরচ করতেন একটু বেশি, সারকোজি একটু কম।

তবে বাস্তবতা বিবেচনায় নতুন প্রেসিডেন্ট হিসেবে ম্যাঁখোর খরচ একটু বেশিই। যেখানে ফ্রান্সের বার্ষিক মাথাপিছু আয় ২৯ হাজার ৭০০ ডলার, সেখানে প্রেসিডেন্ট রূপচর্চায় ৩০ হাজার ডলার খরচ করলে - তা বাজে খরচই বটে!