প্লুটোনিয়াম চুক্তি স্থগিত করলেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম নিষ্ক্রিয়করণ চুক্তি স্থগিত করেছেন। তিনি গতকাল সোমবার এই আদেশ জারি করেন। এতে স্নায়ুযুদ্ধ যুগের দুই বৈরী দেশের সম্পর্কে অবনতির ইঙ্গিত মিলছে।
নিজ নিজ প্রতিরক্ষা প্রকল্পে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী রাসায়নিক উপাদান প্লুটোনিয়াম নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে ২০০০ সালে এ চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ২০১০ সালে এটি বাস্তবায়নের বিষয়ে দুই দেশ পুনরায় অঙ্গীকার করে। কিন্তু পুতিনের গতকালের বিবৃতি অনুযায়ী, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অবন্ধুসুলভ ব্যবস্থা নেওয়ায় সেটা কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এ কারণেই চুক্তিটি স্থগিত করা হয়েছে।
চুক্তি অনুযায়ী পরমাণু শক্তিধর দুটি দেশ নিজ নিজ প্রতিরক্ষা প্রকল্প থেকে অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম বাদ দেবে বা নিষ্ক্রিয় করার সুযোগ দেবে। নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ক্রেমলিন গতকাল ইঙ্গিত দিয়েছে যে তারা শর্তসাপেক্ষে চুক্তিটি বহাল রাখতে পারে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরোপিত বিভিন্ন অবরোধ তুলে নিতে হবে। পাশাপাশি মস্কোর জন্য অবন্ধুসুলভ বিভিন্ন নীতি থেকেও ওয়াশিংটনকে সরে আসতে হবে।

পুতিন চলতি বছরের শুরুর দিকে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেদের প্লুটোনিয়াম নিষ্ক্রিয় করছে না এবং চুক্তিটির মর্যাদা লঙ্ঘন করছে। এতে করে তারা নিজেদের প্রতিরক্ষা সামর্থ্য বৃদ্ধির সুযোগ নিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার ওই চুক্তি স্থগিত করার বিষয়টি প্রতীকী। এটা পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে।

মস্কোর অভিযোগ, ওয়াশিংটন ওই চুক্তির শর্তগুলো পালনে ‘অক্ষম’। তাই রাশিয়াকে অবশ্যই নিজ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নিতে হয়েছে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন ওই চুক্তির মর্যাদা রাখেনি। রাশিয়া এখন আর মনে করে না যে ওই চুক্তির শর্তগুলো এককভাবে পালন করে যাওয়া সম্ভব। কারণ, দুটি দেশের মধ্যে ‘সাধারণ উত্তেজনা’ বিরাজ করছে।

সামরিক বিশেষজ্ঞ আলেক্সান্ডার গোল্টস বলেন, রাশিয়ার এই সিদ্ধান্ত প্রতীকী। কোনো পক্ষই এখন আর এ ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করতে চাইছে না।

চুক্তিটি স্থগিত করার লক্ষ্যে পুতিন একটি বিল পার্লামেন্টে পাঠিয়েছেন। আইনপ্রণেতারা এটি অনুমোদনের মাধ্যমে সমর্থন জানাবেন। এতে ইঙ্গিত মেলে যে যুক্তরাষ্ট্র কিছুটা ছাড় দিয়ে চুক্তিটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিতে পারে। কারণ, বিলটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি মার্কিন সেনাদের ন্যাটোভুক্ত দেশগুলো থেকে সরিয়ে নেয় এবং মস্কোর আর্থিক লোকসানের জন্য দায়ী সব নিষেধাজ্ঞা তুলে নেয়, চুক্তিটি আবার বহাল হতে পারে।

রুশ আইনপ্রণেতারা আগামী বুধবার সকালে বিলটি নিয়ে ভোটাভুটিতে অংশ নেবেন। সর্বশেষ নির্বাচনের পর এটিই হবে পার্লামেন্টের প্রথম অধিবেশন। ওই নির্বাচনে পুতিন-সমর্থিত দল ইউনাইটেড রাশিয়া পার্টি প্রায় চার ভাগের তিন ভাগ আসনে জয় পেয়েছে।