ফনসেকার সদর দপ্তরে তল্লাশি
পানামায় আইনি সহায়তা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার প্রধান কার্যালয়ে পুলিশ গত মঙ্গলবার তল্লাশি অভিযান চালিয়েছে। প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ দলিল সম্প্রতি ফাঁস হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা কীভাবে কর ফাঁকি দিয়ে বিদেশে অর্থসম্পদের পাহাড় গড়ে তুলছেন—তা নিয়ে তোলপাড় শুরু হয়।
তল্লাশি অভিযানের অংশ হিসেবে পানামা সিটিতে ফনসেকার মূল দপ্তরটিকে ঘিরে ফেলে পুলিশ। সেখানকার কর্মকর্তাদের তল্লাশি করা হয়। পরে প্রতিষ্ঠানটির অন্যান্য শাখায়ও একই ধরনের অভিযান চালানো হয়। তবে অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ফনসেকা কর্তৃপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে বলছে, পানামা পেপারস নামে পরিচিত গোপন দলিলপত্র তাদের কম্পিউটারব্যবস্থা থেকে হ্যাকাররা চুরি করে নিয়েছিল। সেগুলোর তথ্য বিকৃত করা হয়েছে।
ফাঁস হওয়া নথিপত্র বিশ্বের বিভিন্ন পত্রিকার একদল অনুসন্ধানী সাংবাদিক বছরব্যাপী যাচাই করে দেখেছেন।