ফরাসি গণমাধ্যমে হামলার খবর

ফ্রান্সের প্যারিসে গত শুক্রবার রাতের নৃশংস হামলায় অন্তত ১২৭ জন নিহত হওয়ার ঘটনাকে বিভীষিকাময় বলে বর্ণনা করেছে ফরাসি গণমাধ্যম। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংবাদপত্রগুলো। খবর এএফপির।
ফরাসি দৈনিক লো পারিসিয়াঁ এই হামলাকে যুদ্ধ আখ্যা দিয়ে শিরোনাম করেছে ‘এবার যুদ্ধের সময়’। পত্রিকাটি লিখেছে, ‘গতকালের হামলায় নিহত ব্যক্তিদের নামে এবং গণতন্ত্রের নামে শপথ করছি, ফ্রান্স এই হামলার পরও ঐক্যবদ্ধ এবং দৃঢ়চেতা থাকার সামর্থ্য রাখে।’ বামঘেঁষা পত্রিকা লিবেরাসিয়ঁ লিখেছে, ‘সন্ত্রাসবাদের বর্বরতা’ ইতিহাসের সব ঘটনাকে হার মানিয়েছে।
দেশটির খেলাধুলা-বিষয়ক দৈনিক লে’কিপ পুরো প্রথম পাতা জুড়ে কেবল একটি শব্দ লিখেছে: ‘বিভীষিকা’। ফরাসি সাময়িকী শার্লি এবদো কার্যালয়ে গত জানুয়ারিতে চালানো সন্ত্রাসী হামলার সঙ্গে শুক্রবারের হামলার সংযোগ রয়েছে বলে পত্রিকাগুলো মন্তব্য করেছে। গত ৭ জানুয়ারি ওই সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হয়েছিলেন। শুক্রবারের হামলারও পর আঞ্চলিক সংবাদপত্র রেপুবলিক দে পিরেনি অনুরূপ শিরোনাম করেছে, ‘আমরা শার্লি, আমরা প্যারিস’।