মালিতে আলজেরিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ফরাসি দুটি পরিবারের সবাই নিহত হয়েছেন। একটি পরিবারের ১০ জন এবং অপর পরিবারের পাঁচজন সদস্যের সবাই ওই উড়োজাহাজের আরোহী ছিলেন। খবর এএফপির।
এয়ার আলজেরির এএইচ ৫০১৭ নম্বর ফ্লাইটটি গত বৃহস্পতিবার ১১৬ জন আরোহী নিয়ে বুরকিনা ফাসো থেকে আলজেরিয়ার উদ্দেশে যাত্রা করে। পথে মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। এর আরোহীদের মধ্যে ৫১ জনই ছিলেন ফ্রান্সের নাগরিক।
দুটি পরিবারের সব সদস্য নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশীসহ স্থানীয় লোকজনের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। ১০ সদস্য নিহত হওয়া পরিবারটির চার সদস্য বাস করতেন ফ্রান্সের গেক্স শহরে। শহরটির মেয়র প্যাট্রিক ডুনার্ড বলেন, ‘এটা ভয়াবহ শোকের খবর। একটি পরিবার পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল।’
ফ্রান্সের মধ্যাঞ্চলের ছোট্ট শহর মেনেত। এই শহরের একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় শোকাহত প্রতিবেশীরা। ছোট্ট শহর হওয়ায় এর বাসিন্দাদের প্রায় সবাই সবাইকে চিনতেন। এই শহরের বাসিন্দা ক্যারোলিন বোইসনার্ড বুরকিনা ফাসো থেকে দেশে ফিরছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী ব্রুনো কেইলেরেত, ছেলে এলনো (১৪) ও মেয়ে ক্লো (১০)। সঙ্গে ছিলেন ক্যারোলিনের মা-ও।
প্রতিবেশী ডেনিস লাব্বে বলেন, ‘পরিবারটির সব সদস্য নিহত হওয়ার খবরে পুরো শহর শোকে স্তব্ধ। আমরা সবাই তাঁদের চিনতাম। কেউ এ খবর বিশ্বাস করতে পারছে না, দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে।’
উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে আলজেরিয়া। গত শুক্রবার থেকে এই শোক শুরু হয়েছে।