ফিলিপাইনে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪৯ পুলিশ নিহত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জঙ্গি সংগঠন মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সঙ্গে সংঘর্ষে ৪৯ পুলিশ কমান্ডো নিহত হয়েছেন। গতকাল সোমবার ফিলিপাইনের পুলিশ এ খবর জানায়।
সংঘর্ষের পর এমআইএলএফের সঙ্গে সরকারের স্বাক্ষরিত শান্তিচুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের মার্চ মাসে এ চুক্তি হয়েছিল। খবর এএফপির।
পুলিশ সূত্র জানায়, দেশটির মিন্দানাও দ্বীপে এমআইএলএফের নিয়ন্ত্রণে থাকা প্রত্যন্ত শহর মামাসাপানোতে গত রোববার স্থানীয় সময় রাত তিনটায় সংঘর্ষ শুরু হয়। ১১ ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পুলিশ এমআইএলএফ বিদ্রোহীদের সঙ্গে কোনো যোগাযোগ না করে শহরে ঢুকে পড়ার ফলেই সংঘর্ষ ঘটে। সরকারের সঙ্গে হওয়া বিদ্রোহীদের যুদ্ধবিরতি চুক্তির একটি শর্ত ছিল, তাদের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের আগে যোগাযোগ করতে হবে।
পুলিশের স্থানীয় মুখপাত্র জুডিথ অ্যামবং বলেন, নিহত ৪৯ পুলিশের লাশ মিন্দানাওয়ের একটি সেনাক্যাম্পে রাখা হয়েছে। তবে সংঘর্ষে কতজন বিদ্রোহী নিহত হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
ফিলিপিনো সরকারের সঙ্গে শান্তি আলোচনায় এমআইএলএফের প্রধান সমন্বয়কারী মোহাঘের ইকবাল বলেন, এই সংঘর্ষের ফলে শান্তি আলোচনায় বিরাট সমস্যা সৃষ্টি হতে পারে। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে।
এক সন্দেহভাজন শীর্ষ সন্ত্রাসীকে ধরার জন্যই এ অভিযান পরিচালনা করা হয়েছিল বলে এক বিবৃতিতে জানান ফিলিপাইন পুলিশের প্রধান লিওনার্দো এসপিনা। তিনি বলেন, সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলে এক বোমা হামলায় ওই শীর্ষ সন্ত্রাসীর হাত ছিল।
আর শান্তি আলোচনার মধ্যস্থতাকারী ইকবাল বলেন, পুলিশ আঞ্চলিক সন্ত্রাসী দল জিমায়া ইসলামিয়ার সদস্য জুলকিফলি বিন হিরকে ধরতে চেষ্টা করছে। মারওয়ান নামে পরিচিত সন্ত্রাসী হির যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত। তাঁকে ধরিয়ে দিতে পারলে পাঁচ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা আছে।
ফিলিপাইনের সামরিক সূত্র জানায়, মারওয়ান বোমা তৈরিতে বিশেষভাবে দক্ষ। তিনি ২০০৩ সাল থেকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়। সেখানে তিনি স্থানীয় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছেন।
মারওয়ান ছাড়াও পুলিশ আরেক ইসলামি সংগঠন বাঙ্গসামারো ইসলামিক ফ্রিডম ফাইটারসের (বিআইএএফএফ) নেতা বাসিত উসমানকেও খুঁজছে।
এমআইএলএফের সঙ্গে সরকারের চুক্তি অনুসারে দক্ষিণাঞ্চলের মুসলিম-অধ্যুষিত প্রদেশে স্বায়ত্তশাসন দেওয়ার কথা রয়েছে। এ-সংক্রান্ত একটি আইন এখন ফিলিপাইনের পার্লামেন্টে পাস হওয়ার অপেক্ষায় আছে। তবে আইনটি পাস হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।