ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে: স্কটল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেছে স্কটল্যান্ড।
গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস খোলার অনুমতি দিতে যুক্তরাজ্যের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক মন্ত্রী হুমজা ইউসাফ বলেন, ‘ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত, যাতে তারা যুক্তরাজ্যে নিজস্ব দূতাবাস খুলতে পারে।’
গতকাল হাউস অব কমন্সে এ বিষয়ে বিতর্ক ও ভোটাভুটির প্রাক্কালে যুক্তরাজ্য সরকারের প্রতি এই আহ্বান জানান ইউসাফ।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে লেখা এক চিঠিতে স্কটল্যান্ডে ফিলিস্তিনের কনস্যুলেট খোলার বিষয়ে স্কটিশ সরকারের সমর্থনের কথা উল্লেখ করেছেন ইউসাফ। একই সঙ্গে লন্ডনে ফিলিস্তিনের একটি দূতাবাস খোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ইউসাফ বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল—এই দুই রাষ্ট্রের সমাধানকে পুরোপুরি সমর্থন করে স্কটিশ সরকার।
এর আগে যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারনেস সাইয়েদা ভার্সি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৩৪ সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে।