ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে ব্রিটিশ পার্লামেন্ট

ইসরায়েলের পাশে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের সদস্যরা।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার অনুষ্ঠিত ওই ভোটাভুটির ফল যুক্তরাজ্যের দাপ্তরিক নীতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তবে আন্তর্জাতিক অঙ্গনে এই ফলের প্রতীকী মূল্য রয়েছে।
৬৫০ সদস্যবিশিষ্ট হাউস অব কমনসে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে অর্ধেকেরও কম সংখ্যক এমপি অংশ নেন। প্রস্তাবটির পক্ষে পড়ে ২৭৪ ভোট। বিপক্ষে ১২ ভোট। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ সরকারের মন্ত্রীরা ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
সমঝোতার ভিত্তিতে দুই রাষ্ট্র সমাধান নিশ্চিত করতে ভূমিকা রাখার উদ্দেশে হাউস অব কমনস এই প্রস্তাব সমর্থন করেছে বলে উল্লেখ করা হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী টবিয়াস এলউড বলেন, শান্তি প্রক্রিয়ার জন্য ‘উপযুক্ত’ সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অধিকার ব্রিটেনের রয়েছে।
হাউস অব কমনসে এই ভোটাভুটির উদ্যোগ নেন বিরোধী দল লেবার পার্টির আইনপ্রণেতা গ্রাহাম মরিস। তা কিছুটা সংশোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র।
লেবার পার্টির নেতারা এই উদ্যোগের পক্ষে ভোট দিতে বলেন। অন্য দলগুলো নিজেদের আইনপ্রণেতাদের নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে বলেন।
আইনপ্রণেতাদের কাছে জানতে চাওয়া হয়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ব্রিটিশ সরকারের স্বীকৃতি দেওয়া উচিত বলে তাঁরা মনে করেন কি না।
ভোটের এই ফলে তেমন কোনো কাজ হবে না। কারণ ভোটের ফল মানা বাধ্যতামূলক নয়। এই ফল যুক্তরাজ্যের দাপ্তরিক নীতির ওপর কোনো প্রভাব ফেলবে না। এটা মধ্যপ্রাচ্য-সংকট নিয়ে যুক্তরাজ্যের কূটনৈতিক অবস্থান বদলাতেও সরকারকে বাধ্য করবে না।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না যুক্তরাজ্য। তবে দেশটি বলে আসছে, তারা যেকোনো সময়ই তা করতে পারে। কিন্তু, তার আগে এটা মনে হতে হবে যে, এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার জন্য উপকারী হবে।
২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে ‘অসদস্য পর্যবেক্ষক’ রাষ্ট্রের স্বীকৃতি দেয়।
জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৩৪ সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে।
এ ছাড়া বিশ্বের শতাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।