ফিলের বিদায়ে শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধূমকেতুর পাশে মহাকাশযান রোজেটা, শিল্পীর তুলিতে
ধূমকেতুর পাশে মহাকাশযান রোজেটা, শিল্পীর তুলিতে

‘বিদায় ফিলে’, ‘আমরা তোমাকে ভুলব না’, ‘ধূমকেতু অভিযানের জন্য তোমাকে শুভেচ্ছা’, ‘চমৎকার এ অভিযাত্রার জন্য ধন্যবাদ’।
পেছনের ঘটনা যাদের জানা নেই তাদের কাছে মনেই হতে পারে, এই বার্তাগুলো কোন নভোচারীর উদ্দেশে। অন্তত কোনো মানুষই এগুলোর প্রাপক। আসলে কিন্তু এই বিদায়ী অভিনন্দন ‘ফিলে’ নামের সেই আলোচিত রোবটযানের জন্য। দেশ-বিদেশের সাধারণ মানুষ, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির (ইএসএ) দেওয়া বার্তা এগুলো। উদ্দেশ্য একটাই, ফিলের ‘জীবনপ্রদীপ’ নিভে যাওয়ার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখা।
২০১৪ সালের ১২ নভেম্বর সিক্সটিসেভেনপি নামের এক ধূমকেতুর ওপর নামে রোবটযান ফিলে। মহাকাশবিজ্ঞানের ইতিহাসে এ ধরনের ঘটনা সেটাই প্রথম। ইএসএর মহাকাশযান রোজেটা ধূমকেতুটির ওপর অবতরণ করায় ফিলেকে। এর কাজ ছিল ওই ধূমকেতু সম্পর্কে তথ্য জোগাড় করা। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে রোবটযান ফিলে হয়ে ওঠে অতি পরিচিত এক নাম। রোবটযানটি সৌরবিদ্যুতে চলে বলে সূর্যের আলো থেকে বেশি দূরে চলে যাওয়ায় একপর্যায়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীমহল ছাড়াও বিশ্বজুড়ে উৎসুক মানুষের মধ্যেও ছড়ায় উদ্বেগ। একসময় আবার সাড়া মেলে তার। একপর্যায়ে আবার নীরবতা।
এভাবেই চলছিল এত দিন। এবার মহাকাশযান রোজেটা থেকেই ফিলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে যানটির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হবে না। ইএসএ জানিয়েছে, মিশন শেষ হওয়া পর্যন্ত জ্বালানি বাঁচাতে এর সুইচ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে রোজেটা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধূমকেতুটির কক্ষপথেই থাকবে।
সম্প্রতি ফিলের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, ‘আমি পৃথিবী ও সূর্য থেকে অনেক দূরে। চাইব তোমাদের স্মৃতি রেখে দিতে।’ এরপরই জার্মানির মহাকাশ কেন্দ্রের ফেসবুক পাতায় আলোকচিত্র পোস্ট করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, বলিভিয়াসহ বিশ্বের নানা প্রান্তের অনেক মানুষের টুইটার অ্যাকাউন্ট থেকে ফিলের উদ্দেশে লেখা একের পর এক বিদায়ী বার্তা আসতে থাকে।