ফের চ্যান্সেলর পদে লড়বেন ম্যার্কেল
জার্মান চ্যান্সেলর অাঙ্গেলা ম্যার্কেল বলেছেন, চতুর্থ মেয়াদের জন্য তিনি চ্যান্সেলর পদের জন্য লড়তে চান। তাঁর দল কনজারভেটিভ পার্টির নেতারা এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
৬২ বছর বয়সী ম্যার্কেল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) সদর দপ্তরে রোববার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। আগামী বছরের শরত্কালে জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৫, ২০০৯ ও ২০১৩ সালে তিনি পরপর তিন মেয়াদে দেশটির চ্যান্সেলর নির্বাচিত হন।
ম্যার্কেলের জনপ্রিয়তার পারদ যেখানে ছিল, সেখান থেকে অনেকটাই কমে গেছে। তবে তাঁর প্রতি মানুষের ব্যাপক সমর্থন অপরিবর্তিত আছে এখনো। তবে চলতি বছরের শুরুর দিকে এক আঞ্চলিক নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি বিব্রতকর পরিস্থিতে পড়েন এবং জনপ্রিয় ডানপন্থী এএফডি দলের চ্যালেঞ্জের মুখে পড়েন। বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের পর তিনি পরাজয়ের জন্য দায় স্বীকার করে বলেন, অভিবাসীদের জন্য তাঁর মুক্তদ্বার নীতি বিভিন্ন রাজ্যে নির্বাচনে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।