ফের তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার একটি যুদ্ধবিমান সিরিয়া সীমান্ত এলাকায় আবারও তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছে বলে গতকাল শনিবার অভিযোগ করেছে তুরস্ক। এ ঘটনায় আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতকে তলব করে ‘কঠোর নিন্দা’ জানানো হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, এ ঘটনার পরিণাম ভোগ করতে হবে। খবর বিবিসির।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টল্টেনবার্গ রাশিয়াকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং ন্যাটোর আকাশসীমার প্রতি পূর্ণ সম্মান দেখাতে বলেছেন। স্টল্টেনবার্গ বলেন, আকাশসীমা লঙ্ঘনের এ রকম ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে রাশিয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার একটি এসইউ-থার্টিফোর জেট গত শুক্রবার কোনো ধরনের সতর্কসংকেত না দিয়েই তুর্কি আকাশসীমায় ঢুকে পড়ে। নিজেদের এমন দায়িত্বহীন কাজকর্মের যেকোনো ভয়ানক পরিণতির জন্য রাশিয়াই দায়ী থাকবে।
সিরিয়ার কাছে একটি রুশ যুদ্ধবিমান গত নভেম্বরে তুর্কি আকাশসীমা লঙ্ঘন করায় সেটিকে গুলি করে ভূপাতিত করেছিল তুর্কি বাহিনী। এতে দুই দেশের সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছায়। সিরিয়ায় সরকারি বাহিনীর সহায়তায় রাশিয়া তুর্কি সীমান্তের কাছাকাছি এলাকায় বিমান হামলা চালাচ্ছে।
সর্বশেষ গত নভেম্বরে তুর্কি সেনাবাহিনী একটি রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় দুই দেশের নেতারা কথার লড়াইয়ে জড়ান। তুর্কি অর্থনীতিকে নাজুক করার লক্ষ্যে রাশিয়া ওই দেশ থেকে খাবার আমদানি বন্ধ করে দেয় এবং কিছু অবরোধ আরোপ করে।