ফের শরণার্থী ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে তুরস্কের করা চুক্তি অনুযায়ী গ্রিস থেকে দ্বিতীয় দফায় তুরস্কে ফেরত পাঠানো হলো আরও কিছু শরণার্থীকে। গতকাল শুক্রবার জাহাজে করে তুরস্কে পৌঁছান তাঁরা। এর আগে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রথম দফায় দেশটিতে ৭৫০ জনের মতো শরণার্থীকে ফেরত পাঠানো হয়। ইউরোপের দেশগুলো থেকে শরণার্থীদের চাপ কমাতে সম্প্রতি ওই চুক্তি করা হয়। দ্বিতীয় দফায় ৪৫ জন পাকিস্তানি নাগরিক নিয়ে একটি জাহাজ গ্রিসের লেসবস দ্বীপের মাইতিলেন বন্দর ছেড়ে সংক্ষিপ্ত যাত্রায় তুরস্কের দিকিলি বন্দরে গিয়ে পৌঁছায়। প্রথম দফায় শরণার্থীদের ফেরত পাঠানোর শুরুর দিন সোমবার প্রায় ২০০ পাকিস্তানিকে তুরস্কে পাঠানো হয়েছিল। গ্রিসের সামোস ও কিওস দ্বীপ থেকে গতকাল আরও ৯৫ শরণার্থীর একটি দল দিকিলি বন্দরে পৌঁছানোর কথা।
বিবিসি