ফের হোঁচট খেল ব্রেক্সিট বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেক্সিট কার্যকরের পরও যুক্তরাজ্যে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ৩৩ লাখ নাগরিক যাতে সেখানে বাস করতে পারেন, তার পক্ষে মত দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস। এ শর্ত আরোপ করে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়ে উত্থাপিত বিলকে আটকে দিয়েছে লর্ডসভা। ফলে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়ায় আরেকটি হোঁচট খেল থেরেসা মের সরকার।
গত বুধবার হাউস অব লর্ডসের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য ইইউ নাগরিকদের বসবাসের অধিকার বহাল রাখা নিয়ে বিলে একটি সংশোধনী যুক্ত করার পক্ষে রায় দিয়েছেন। এতে করে ব্রেক্সিট বিল নামে পরিচিত ‘ইউরোপীয় ইউনিয়ন (নোটিফিকেশন অব উইথড্রয়াল) বিল’টি উতরে যাওয়া দৃশ্যত আরও বিলম্বিত হচ্ছে।
হাউস অব লর্ডসে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ৭ জনসহ মোট ৩৫৮ জন সদস্য বিলে ওই সংশোধনী যুক্ত করার পক্ষে ভোট দিয়েছেন। আর সংশোধনীর বিপক্ষে ছিলেন ২৫৬ জন। আগামী মঙ্গলবার এই বিলে আরও একটি সংশোধনী প্রস্তাবের বিষয়ে হাউস অব লর্ডসে ভোটাভুটি হবে। ওই প্রস্তাবে বলা হয়েছে, ব্রেক্সিট কার্যকরের পর ইইউর সঙ্গে যুক্তরাজ্যের নতুন সম্পর্ক নিয়ে যে সমঝোতা হবে, তার ওপর গণভোট আয়োজন করতে হবে। ওই প্রস্তাবটিও পাস হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে কোনো ধরনের সংশোধনী ছাড়াই বিলটি পাস হয়েছিল। এখন উচ্চকক্ষ সংশোধনী চাওয়ায় বিলটি আবার নিম্নকক্ষে ফেরত আসবে। নিম্নকক্ষ ওই সংশোধনী প্রস্তাব গ্রহণ না করলে বিলটি পার্লামেন্টের এক কক্ষ থেকে আরেক কক্ষে বারবার চালাচালির ঝুঁকিতে পড়তে পারে।
সরকারের পক্ষ থেকে বিষয়টিকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে বলা হয়েছে, সরকার ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করবে কি করবে না, সেটিই জানতে চাওয়া হয়েছে পার্লামেন্টে। এখানে অন্য বিষয় যুক্ত করার সুযোগ নেই। সরকারের বক্তব্য হলো, ইইউ নাগরিকেরা যুক্তরাজ্যে থাকতে পারবেন কি না, তা নির্ভর করবে ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ইইউ কেমন সিদ্ধান্ত নেয় তার ওপর। কেননা ইইউভুক্ত দেশেও লাখ লাখ ব্রিটিশ নাগরিক বসবাস করছেন। তবে সমালোচকেরা বলছেন, ইইউ নাগরিকদের ভবিষ্যতের বিষয়টিকে সরকার ইইউর সঙ্গে সমঝোতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সরকারের সংশ্লিষ্ট নেতা ও কর্মকর্তারা বলছেন, সংশোধনী প্রস্তাব গ্রহণ না করেই হাউস অব কমন্স থেকে বিলটি আবার উচ্চকক্ষে পাঠানোর চেষ্টা চালাবে সরকার। কেননা সরকার মনে করে, মনোনীত সদস্যদের নিয়ে গঠিত হাউস অব লর্ডস আরেকবার বিলটির বিপক্ষে ভোট দিয়ে সরকারের ব্রেক্সিট বাস্তবায়ন পরিকল্পনায় বাধার সৃষ্টি করবে না।
সময়সূচির ভিত্তিতে ধারণা করা হয়েছিল, ৮ মার্চ বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষে পাস হয়ে আইনে পরিণত হবে। আর ১৫ মার্চ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার আনুষ্ঠানিক আবেদন জানাবেন। এখন বিলটি আইনে পরিণত হওয়ার সময়সীমা অন্তত এক সপ্তাহ পিছিয়ে গেল।
২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইইউ ত্যাগের পক্ষে ভোট দেন। এ রায় কার্যকর করতে শুরুতে পার্লামেন্টের অনুমোদনের তোয়াক্কা না করলেও শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের রায়ে পার্লামেন্টে বিল তুলতে বাধ্য হয় থেরেসা মের সরকার। নজিরবিহীন দ্রুততায় বিলটি পাস করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।